২১ হাজার ৫০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল বিবিসি

লন্ডন, ১৬ এপ্রিল – যুক্তরাজ্যের ফ্ল্যাগশিপ সংবাদমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বা বিবিসি তাদের মোট কর্মীবাহিনীর ১০ শতাংশ অর্থাৎ ২১ হাজার ৫০০ জন কর্মীকে ছাঁটাই করার ঘোষণা দিয়েছে। ২০১১ সালের পর এবারই প্রথম এত বড় পরিসরে ছাঁটাইয়ের পদক্ষেপ নিল প্রতিষ্ঠানটি।
লন্ডনে বিবিসির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সর্বজনীন বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়।
ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৮ মে বিবিসির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ব্রিটিশ ব্যবসায়ী ম্যাথিউ জন ব্রিটিন, যিনি ম্যাট ব্রিটিন নামেই পরিচিত। তার দায়িত্ব গ্রহণের এক মাস আগেই এই বিশাল ছাঁটাইয়ের ঘোষণা দেওয়া হলো।
বিবিসিতে এই ছাঁটাইয়ের আভাস পাওয়া গিয়েছিল গত ফেব্রুয়ারিতেই। সেই সময় কর্তৃপক্ষ তাদের বাজেট থেকে ৬০ কোটি পাউন্ড সাশ্রয়ের লক্ষ্য নির্ধারণ করেছিল।
তৎকালীন মহাপরিচালক টিম ডেভি তখন জানিয়েছিলেন যে, অর্থ সাশ্রয়ের জন্য ১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের বিষয়টি বিবেচনা করছে কোম্পানি। ডোনাল্ড ট্রাম্প, গাজা এবং ট্রান্সজেন্ডার অধিকার সংক্রান্ত বিভিন্ন সংবাদ কাভারেজ নিয়ে বিতর্কের মুখে গত নভেম্বরে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন টিম ডেভি এবং গত ২ এপ্রিল তিনি আনুষ্ঠানিকভাবে বিদায় নেন।
বর্তমানে বিবিসির অন্তর্বর্তীকালীন মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন রদ্রি তালফান ডেভিস। তিনি কর্মীদের এক ইমেইলে জানিয়েছেন যে, আয়ের তুলনায় ব্যয় অস্বাভাবিক হারে বাড়তে থাকায় প্রতিষ্ঠানটি বর্তমানে ব্যাপক অর্থনৈতিক চাপের মধ্য দিয়ে যাচ্ছে। বৈশ্বিক অর্থনীতির অস্থিতিশীল অবস্থা এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়াকেও এই সংকটের কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বিবিসির বার্ষিক ব্যয় বর্তমানে ৫০০ কোটি পাউন্ড, যেখান থেকে আগামী দুই বছরে কমপক্ষে ৫০ কোটি পাউন্ড সাশ্রয় করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এদিকে কর্মী ইউনিয়নের পক্ষ থেকে এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানানো হয়েছে। বিনোদন ও যোগাযোগ কর্মীদের ইউনিয়ন বেকটু এর প্রধান ফিলিপ্পা চাইল্ডস এই ছাঁটাইকে একটি বিপর্যয় হিসেবে বর্ণনা করে সরকারের পক্ষ থেকে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন।
এনএন/ ১৬ এপ্রিল ২০২৬









