বরগুনা

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ৫ জেলে নিখোঁজ, উদ্ধার করা হয়েছে ৮ জনকে

বরগুনা, ২৫ আগস্ট – বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে এফবি বরকত নামে একটি মাছ ধরার ট্রলার। ১৩ জন জেলেসহ ট্রলারটি ডুবে যাওয়ার পর ৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনো নিখোঁজ রয়েছেন ৫ জন।

সোমবার দুপুরে কুয়াকাটা উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে সাগরের গভীরে এই দুর্ঘটনা ঘটে।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, গত শুক্রবার ১৩ জন জেলে নিয়ে ট্রলারটি পাথরঘাটা থেকে সাগরে মাছ ধরতে যায়। সোমবার দুপুরে গভীর সমুদ্রে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি তলিয়ে যায়। দীর্ঘ সময় সাগরে ভাসমান অবস্থায় থাকার পর রাত সাড়ে ১০টার দিকে অন্য একটি ট্রলারের জেলেরা ৮ জনকে উদ্ধার করতে সক্ষম হন।

নিখোঁজ ৫ জেলের মধ্যে মো. বেলাল, মো. নুর আলম ও মো. ইব্রাহিমের নাম পরিচয় পাওয়া গেছে যাদের সবার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায়। নিখোঁজদের উদ্ধারে এফবি জহুরা খাতুন নামে আরও একটি ট্রলার ইতিমধ্যেই সাগরে পাঠানো হয়েছে।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল জানিয়েছেন যে, সাগরে ট্রলারডুবির খবরটি তিনি শুনেছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এনএন/ ২৫ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language