ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার দাবিতে সোচ্চার ৭৫ ব্রিটিশ এমপি

লন্ডন, ১৮ এপ্রিল – গাজা, অধিকৃত পশ্চিম তীর এবং লেবাননে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার প্রতিবাদে দেশটির ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের একদল সংসদ সদস্য। লেবার পার্টির এমপি রিচার্ড বার্গন এই প্রস্তাব উত্থাপন করেন। এখন পর্যন্ত ব্রিটিশ পার্লামেন্টের ৭৫ জন সদস্য এই প্রস্তাবে স্বাক্ষর করে তাদের সমর্থন জানিয়েছেন। রিচার্ড বার্গন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় উল্লেখ করেন যে, ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলি বাহিনীর কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।
এই নৃশংসতা বন্ধে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা এখন জরুরি হয়ে পড়েছে। তিনি তার সহকর্মী আইনপ্রণেতাদের এই উদ্যোগে আরও ব্যাপকভাবে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। এই প্রস্তাবে স্বাক্ষরকারীদের মধ্যে যুক্তরাজ্যের বেশ কয়েকজন প্রভাবশালী রাজনীতিক রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিন, স্কটিশ ন্যাশনাল পার্টির মুখপাত্র ব্রেন্ডান ও’হারা এবং ব্রিটিশ পার্লামেন্টের একমাত্র ফিলিস্তিনি বংশোদ্ভূত সদস্য লায়লা মোরান।
মূলত গাজা ও লেবাননে বেসামরিক মানুষের ওপর নির্বিচার হামলা এবং চলমান মানবিক বিপর্যয় রোধে ব্রিটিশ সরকারের ওপর চাপ সৃষ্টি করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক মহলে ইসরায়েলের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানানো হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই প্রস্তাব যুক্তরাজ্যের রাজনীতিতে ইসরায়েল ইস্যুতে ক্রমবর্ধমান চাপ ও মতভেদের বহিঃপ্রকাশ। তবে প্রস্তাবটি শেষ পর্যন্ত কার্যকর হবে কি না, তা নির্ভর করবে ব্রিটিশ সরকারের পরবর্তী অবস্থান ও পার্লামেন্টে সামগ্রিক সমর্থনের ওপর।
এস এম/ ১৮ এপ্রিল ২০২৬









