কুমিল্লা

কোচিং সেন্টারে শিক্ষার্থীদের সামনে শিক্ষককে কুপিয়ে হত্যা

কুমিল্লা, ০৭ মার্চ – কুমিল্লা সদর দক্ষিণে কোচিং সেন্টারে ঢুকে গোলাম রসূল লিটন (৪৮) নামে এক শিক্ষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সাফায়াত আলী (৩৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের নলকুঁড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গোলাম রসূল লিটন নলকুঁড়ি গ্রামের তফাজ্জল হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি কিন্ডারগার্টেনের শিক্ষক ছিলেন। পাশাপাশি বাড়ির পাশে নিজের একটি কোচিং সেন্টারে ছাত্র-ছাত্রীদের প্রাইভেট পড়াতেন। অভিযুক্ত সাফায়াত আলী একই গ্রামের শাহ আলমের ছেলে।

স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লিটন নিজের কোচিং সেন্টারে শিক্ষার্থীদের পড়াচ্ছিলেন। এ সময় মাদকাসক্ত সাফায়াত সেখানে হাজির হয়ে শিক্ষক লিটনকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে রাত সোয়া ৯টার দিকে এলাকাবাসীর সহায়তায় অভিযুক্ত সাফায়াতকে আটক করে সদর দক্ষিণ থানা পুলিশ।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর ভূঁইয়া জাগো নিউজকে বলেন, খবর পেয়ে রাতে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানতে সাফায়াতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০৭ মার্চ ২০২৪


Back to top button
🌐 Read in Your Language