পশ্চিমবঙ্গ

বিরাটের জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা মমতার, কী লিখলেন মুখ্যমন্ত্রী?

কলকাতা, ০৫ নভেম্বর – ৫ নভেম্বর। জীবনের ৩৪টা বসন্ত পার করে দিলেন বিরাট কোহলি। এদিনই তাঁর ৩৫তম জন্মদিন। এদিনই আবার বিশ্বকাপের ময়দানে রয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা হাইভোল্টেজ ম্যাচ (ndia vs South Africa High Voltage Match)। তার আগে বিরাটকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, এদিনই কলকাতায় ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের ম্যাচ খেলতে নামছেন বিরাট। সূত্রের খবর, জন্মদিন পালনের জন্য নানা পরিকল্পনা থাকলেও বিভিন্ন কারণে তা করা সম্ভব হচ্ছে না। তবু এখনও পর্যন্ত বিশ্বকাপে অপরাজেয় ভারতের অন্যতম কান্ডারী ‘কিং কোহলির’ আর্বিভাব দিবস জয় দিয়েই সেলিব্রেট করতে মুখিয়ে রয়েছে তিলোত্তমা।

এদিন এক্স হ্যান্ডেলে মমতা লেখেন, ‘আমার খুব খুশি লাগছে যে কিংবদন্তী ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি তাঁর জন্মদিনে কলকাতায় রয়েছেন। একইদিনে তিনি একটি ঐতিহাসিক ম্যাচও খেলতে চলছেন। বিরাটকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। তাঁর ও তাঁর পরিবারের সাফল্য কামনা করি।’ এই পোস্টের সঙ্গেই টুইটারে বিরাটের একটি ছবিও পোস্ট করেছেন মমতা।

এদিন ইডেনে দুপুর ২টো থেকে মুখোমুখি হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা। এখনও পর্যন্ত দুই দলই বিশ্বকাপের মঞ্চে যে ফর্মে রয়েছে তাতে এই ম্যাচকেই অনেকে বলছেন এ বারের বিশ্বকাপের ‘ফাইনাল’। ম্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে গোটা শহরে। টিকিট নিয়ে দেদার আসছে কালোবাজারির অভিযোগ। অন্যদিকে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকার লড়াই রোহিত শর্মা ও তেম্বা বাভুমার দলের। এখন দেখার এই ম্যাচে কতটা জ্বলে ওঠেন বিরাট।

সূত্র: টিভি নাইন
আইএ/ ০৫ নভেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language