ঢাকা

উত্তরায় ‘পরিস্থান’ বাসে আগুন

ঢাকা, ০২ নভেম্বর – রাজধানীর উত্তরার আজমপুর বাসস্ট্যান্ড এলাকায় পরিস্থান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির শেষ দিন বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত একজন কর্মকর্তা  বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা জানান, আজ সকাল সাতটায় উত্তরার আজমপুর বাসস্ট্যান্ড এলাকায় পরিস্থান পরিবহনের একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে আগুন নেভাতে সক্ষম হন।

জানা গেছে, বাসটিতে যাত্রীবেশে উঠে আগুন দেওয়া হয়। গাড়িতে মাত্র ১২ থেকে ১৪ জন যাত্রী ছিলেন। হঠাৎ বাসের পেছন দিকে আগুন লাগে। আগুন লাগার পরপরই পেছনের জানালা দিয়ে লাফিয়ে নেমে পড়েন কয়েকজন যুবক।

বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলাকালে গত মঙ্গল ও বুধবারও ঢাকায় বেশ কিছু গণপরিবহণে অগ্নিসংযোগ করা হয়েছে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০২ নভেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language