রাশিয়ার দাবি, ২৪ ঘণ্টায় ইউক্রেনের ১ হাজার ২২৫ সেনা হতাহত

মস্কো, ১৬ সেপ্টেম্বর- রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের গত ২৪ ঘণ্টায় বিভিন্ন রণক্ষেত্রে সংঘর্ষে ইউক্রেনীয় বাহিনীর আনুমানিক ১ হাজার ২২৫ জন সেনা নিহত বা আহত হয়েছে। রুশ বাহিনীর উত্তর ব্যাটেলগ্রুপের দায়িত্বপূর্ণ এলাকায় ১৯৫ জন, পশ্চিম ব্যাটেলগ্রুপের এলাকায় ২০০ জন, দক্ষিণ ব্যাটেলগ্রুপের এলাকায় ১৬৫ জন, সেন্টার বা মধ্য ব্যাটেলগ্রুপের এলাকায় ৩৪৫ জনের বেশি, পূর্ব ব্যাটেলগ্রুপের এলাকায় ২৮৫ জন এবং দনেপ্র ব্যাটেলগ্রুপের দায়িত্বপূর্ণ এলাকায় প্রায় ৩৫ জন ইউক্রেনীয় সৈন্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, রাতে রুশ সশস্ত্র বাহিনী ওডেসা অঞ্চলের ভেলিকায়া বাল্কায় অবস্থিত একটি লজিস্টিক সেন্টারে ড্রোন দিয়ে সুসংহত হামলা চালিয়েছে। ওডেসা অঞ্চলের এই কেন্দ্রটিতে বিদেশ থেকে আসা সামরিক সরঞ্জাম ও রসদ মজুত এবং বিতরণ করা হতো। ওডেসা অঞ্চলের পাশাপাশি বন্দর ও ইউক্রেনীয় বাহিনীর ব্যবহৃত নৌযানও হামলার লক্ষ্যবস্তু করা হয়।
ওডেসার চেরনোমোরস্ক বন্দরে একটি ড্রাই কার্গো জাহাজ এবং একটি রো-রো ফেরিতে আঘাত হানা হয়েছে। এগুলো ইউক্রেনীয় সামরিক বাহিনীর জন্য আনা মালামাল সরবরাহ করেছিল। একই সঙ্গে ইউরোপীয় দেশগুলো থেকে আসা সামরিক সহায়তা ও মালামাল পরিবহনে ব্যবহৃত ইউক্রেনের পশ্চিমাঞ্চলের রেলপথ অবকাঠামোতেও হামলা অব্যাহত রাখা হয়েছে।
অন্যদিকে, রাতভর রাশিয়াজুড়ে চালানো ইউক্রেনীয় ড্রোন হামলার চেষ্টাও দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ করেছে। ওরিওল, বেলগোরোদ, ভোরোনেজ, তুলা, তামবভ, ব্রায়ানস্ক, রস্তোভ, কুরস্ক, লিপেৎস্ক, রিয়াজান, সারাতোভ, সামারা, কালুগা, উলিয়ানভস্ক অঞ্চল, তাতারস্তান, ক্রিমিয়া এবং কৃষ্ণসাগরের ওপর মোট ২২২টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, এ পর্যন্ত রাশিয়া ইউক্রেনের মোট ৬৭৪টি যুদ্ধবিমান, ২৮৪টি হেলিকপ্টার, ২ লাখ ৩৬ হাজার ৫৮৯টি ড্রোন, ৬৭২টি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ৩০ হাজার ৯৩০টি ট্যাঙ্ক ও অন্যান্য সাঁজোয়া যুদ্ধযান, ১ হাজার ৭৭৭টি মাল্টিপল রকেট লাঞ্চার, ৩৬ হাজার ৪৬৩টি ফিল্ড আর্টিলারি ও মর্টার এবং ৭১ হাজার ৯৬০টি বিশেষ সামরিক যানবাহন ধ্বংসের তথ্য উল্লেখ করেছে।
এস এম/ ১৬ সেপ্টেম্বর ২০২৬







