ইউরোপ

ক্রোয়েশিয়ার ব্রাচ দ্বীপে ভয়াবহ দাবানল, ৭০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

ভয়াবহ দাবানল

জাগরেব,১৪ সেপ্টেম্বর- ক্রোয়েশিয়ায় ভয়াবহ দাবানলে প্রায় ৩ হাজার ৫০০ হেক্টর এলাকা পুড়ে যাওয়ার পর অ্যাড্রিয়াটিক সাগরের ব্রাচ দ্বীপ থেকে প্রায় ৭০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রোয়েশিয়ার ব্রাচ দ্বীপে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল রবিবারও নিয়ন্ত্রণের বাইরে জ্বলছিল। রাতভর চরম ঝুঁকির মধ্যে থাকা মিলনা শহরকে শেষ পর্যন্ত রক্ষা করতে সক্ষম হন দমকলকর্মীরা। এ সময় ক্ষতিগ্রস্ত এলাকা থেকে ৭০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়। প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এই পদক্ষেপ নেওয়া হয়।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, কর্তৃপক্ষ জানিয়েছে, মানুষকে সরিয়ে নেওয়ার সময় দুজন আহত হন। উদ্ধারের সময় এক বৃদ্ধা নৌকা থেকে পড়ে প্রায় ডুবে যাচ্ছিলেন। তার জীবন শঙ্কার মধ্যে থাকলেও বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় আছেন।

এ ছাড়া ধোঁয়া শ্বাসের মাধ্যমে শরীরে ঢুকে এক যুবক আহত হয়েছেন। দ্বীপটির পশ্চিমাঞ্চলের ছোট শহর মিলনা ও আশপাশের বসতিগুলোর বাসিন্দা এবং পর্যটকদের সতর্ক করেছে কর্তৃপক্ষ।

স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে, শনিবার রাতের পর থেকে আগুন উল্লেখযোগ্যভাবে ছড়িয়ে পড়েছে। এটি মিলনা, ব্রাচের দক্ষিণ উপকূল এবং ব্লাকা মরুভূমি এলাকার দিকে বিস্তৃত হয়েছে।

গুগল ম্যাপসের সর্বশেষ হিসাব অনুযায়ী, আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা প্রায় ৫৬ বর্গকিলোমিটার বা ৫ হাজার ৬০০ হেক্টর।

মোট ৩৯৫ বর্গকিলোমিটার আয়তনের ব্রাচ দ্বীপের প্রায় ১৪ শতাংশ এলাকা এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মিলনার মেয়র ফ্রানে লোজিচ জানান, শুরুতে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে মনে হলেও পরে পরিস্থিতি দ্রুত বদলে যায়।

রবিবারও আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি জনবসতি রক্ষায় দমকলকর্মীদের অভিযান চলতে থাকে।

সরকারি সংবাদ সংস্থা হিনা জানিয়েছে, এক জ্যেষ্ঠ অগ্নিনির্বাপণ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, আগুনে মোট প্রায় ৩ হাজার ৫০০ হেক্টর পাইনবন ও ঝোপঝাড় ধ্বংস হয়েছে।

এস এম/ ১৪ সেপ্টেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language