ইউরোপ

বিমান দুর্ঘটনায় পুতিনের হাত থাকতে পারে

ওয়াশিংটন, ২৪ আগস্ট – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার মস্কোর টিভের অঞ্চলে একটি বেসরকারি বিমান বিধ্বস্তে ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগিনি প্রিগোজিন ঘটনার পেছেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাত থাকতে পারে।

বুধবার (২৩ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

এর আগে যুক্তরাষ্ট্র কয়েকবার প্রকাশ্যে সতর্ক করেছিলেন রাশিয়ার বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের নেতৃত্ব দেয়ার পরে ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগিনি ক্রেমলিনের হাতে নিহত হতে পারেন।

জুলাইয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, আমি যদি প্রিগোজিন হতাম, তবে আমি কী খাচ্ছি তা নিয়েও সতর্ক থাকতাম। আমি সব সময় আমার মেনুতে চোখ রাখতাম।

সিআইএ পরিচালক বিল বার্নস এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনও বাইডেনের ভাষাতেই কথা বলেছিলেন। বিল বার্নস উল্লেখ করেছিলেন যে পুতিনের প্রতিশোধ নেয়ার দীর্ঘ ইতিহাস রয়েছে।

প্রসঙ্গত, গত জুনে রুশ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে একটি বিদ্রোহে নেতৃত্ব দেয়া ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগিনি প্রিগোজিন রাশিয়ায় একটি বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়েছেন। বিমানটিতে ১০ জনই ছিলেন। রাশিয়া যে ১০ জন নিহতের তালিকা দিয়েছে তাতে ইয়েভগিনি প্রিগোজিনের নাম রয়েছে।

৬২ বছর বয়সী এই ভাড়াটে সেনাপ্রধান ২৩-২৪ জুন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। প্রিগোজিন ইউক্রেন থেকে তার সেনাদের সরিয়ে নিয়েছিলেন, ডনের দক্ষিণ রুশ শহর রোস্তভ দখল করেছিলেন এবং মস্কোর দিকে অগ্রসর হওয়ার হুমকি দিয়েছিলেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৪ আগস্ট ২০২৩

Back to top button