মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে যুক্ত করার প্রস্তাব দিল রাশিয়া

মস্কো, ৮ সেপ্টেম্বর – সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ককে নিয়ে গঠিত মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মনে করেন, এই জোটে ইরানের অংশগ্রহণ আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় একটি বাস্তবসম্মত পদক্ষেপ হতে পারে।
সোমবার মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশন্সে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। ল্যাভরভ উল্লেখ করেন যে, উপসাগরীয় দেশগুলোর মধ্যে একটি অভিন্ন নিরাপত্তা কাঠামো গড়ে তোলার প্রস্তাব রাশিয়া দুই দশকেরও বেশি আগে দিয়েছিল।
সেই কাঠামোয় আরব রাজতন্ত্রগুলোর পাশাপাশি ইরানকেও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা ছিল। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট দেশগুলোর পারস্পরিক সম্পর্ক জটিল হলেও রাশিয়া তাদের মধ্যে আলোচনা আয়োজন এবং আস্থা তৈরির বিভিন্ন উদ্যোগে সহায়তা করতে আগ্রহী ছিল।
ইরান ও সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে চীনের মধ্যস্থতা ও রাশিয়ার সক্রিয় ভূমিকার কথাও তিনি স্মরণ করিয়ে দেন। তিনি আরও বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উত্তেজনার আগেই দেশ দুটির সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথে এগিয়েছিল।
সম্প্রতি সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক যে মক্কা প্রতিরক্ষা চুক্তি উপস্থাপন করেছে, সেটিকে একটি সম্মিলিত নিরাপত্তা কাঠামো হিসেবে দেখছে মস্কো। ল্যাভরভ মনে করেন, ভবিষ্যতে এই জোটে মিসর ও আলজেরিয়ার মতো দেশগুলোকেও যুক্ত করা যেতে পারে। তবে এই ধরনের আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় রাশিয়া নেতৃত্ব দেওয়ার চেষ্টা করবে না বলে তিনি স্পষ্ট জানিয়েছেন।
এস এম/ ৮ সেপ্টেম্বর ২০২৬







