ভয়াবহ বন্যায় বিপর্যস্ত স্পেন

মাদ্রিদ, ০৮ জুলাই – ভয়াবহ আকস্মিক বন্যার কবলে ইউরোপের আইবেরিয়ান উপদ্বীপের দেশ স্পেন। দেশটির উত্তরাঞ্চলীয় শহর জারাগোজায় ভারী বৃষ্টিপাতের পর ভয়াবহ বন্যায় ডুবে যায় রাস্তাঘাট। বন্যার স্রোতে ভেসে গেছে বহু গাড়ি।
বার্তা সংস্থা ইউরো নিউজের প্রতিবেদনে বলা হয়, স্পেনের জরুরি বিভাগ জানায়, বন্যার পানিতে ডুবে গেছে রেললাইন। ফলে ৫০০ আরোহীসহ একটি একটি ট্রেনের শিডিউল বাতিল করা হয়। পরে বিকল্প উপায়ে তারা গন্তব্যস্থলে পৌঁছান।
এছাড়া বন্যার পানির তোড়ে ভেসে গেছে বহু যানবাহন। ভেঙে পড়েছে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। এর ফলে কয়েক ঘণ্টা বিদ্যুৎহীন ছিলেন শহরবাসী।
গত মঙ্গলবার থেকেই জারাগোজায় প্রবল বৃষ্টিপাত হচ্ছে। প্রাণহানি এড়াতে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে প্রশাসন। জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের ঘরের বাইরে না বের হওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ বিভাগ।
সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ০৮ জুলাই ২০২৩









