নরসিংদী

গুলিবিদ্ধ সেই উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

নরসিংদী, ৩১ মে – শিবপুরে গুলিবিদ্ধ উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান (৭০) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার বিকেল সাড়ে ৫টায় তার মৃত্যু হয়। এর আগে ২৫ ফেব্রুয়ারি সকাল সোয়া ৬টার দিকে শিবপুর পৌর এলাকার বাজার সড়কের বাড়িতে তাকে গুলি করা হয়।

হাসপাতালে থাকা হারুনুর রশিদ খানের ভাতিজা ফজলে রাব্বি খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, শারীরিক পরিস্থিতির অবনতি হওয়া হারুনুর রশিদকে ১৯ মে শুক্রবার রাতে লাইফ সাপোর্টে নেয়া হয়। এর আগে ২৫ ফেব্রুয়ারি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পর তার পিঠ (মেরুদণ্ড-সংলগ্ন) থেকে দুইটি গুলি বের করা হয়েছিল। এ থেকেই পার্শ্বপ্রতিক্রিয়াজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি।

চিকিৎসকের বরাত দিয়ে স্বজনেরা জানান, হারুনুর রশিদ খানের পিঠে বিদ্ধ হওয়া দুইটি গুলি বের করে আনা হলেও তার শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে। এর প্রভাবে প্রস্রাবে সংক্রমণসহ হৃৎপিণ্ড ও কিডনিতে নানা সমস্যা দেখা দেয়। ভারত থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন তিনি। চিকিৎসার জন্য গত ৭ মে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকদের তত্ত্বাবধানে কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। ১৯ মে শুক্রবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ওই হাসপাতালে লাইফ সাপোর্টে নেয়া হয়।

উল্লেখ্য, ১৯৮৬ সালে উপজেলা চেয়ারম্যানের বড় ভাই আওয়ামী লীগের সাবেক এমপি রবিউল আওয়াল খান কিরনকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। দীর্ঘ ৩৭ বছর পরও সে হত্যা মামলার কোনো কিনারা হয়নি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ৩১ মে ২০২৩


Back to top button
🌐 Read in Your Language