বলিউড

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অভিনেত্রী

মুম্বাই, ১৪ নভেম্বর – বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মারাঠি অভিনেত্রী কল্যাণী কুরালে যাদব। শনিবার (১২ নভেম্বর) রাতে মহারাষ্ট্রের কোলাপুরের কাছে সাংলি-কোলাপুর রাস্তায় বাইকের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। তার বয়স হয়েছিল ৩২।

‘তুজ্যত জীব রঙ্গালা’ ধারাবাহিকে দেখা যেত এই অভিনেত্রীকে। ভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, শনিবার রাত ১১টায় দুর্ঘটনা ঘটে। সম্প্রতি হালোন্দি এলাকায় একটি রেস্তোরাঁ খুলেছিলেন কল্যাণী। সেই রেস্তোরাঁ বন্ধ করে নিজেই বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন অভিনেত্রী। তখনই একটি ট্রাক্টরের সঙ্গে তার বাইকের ধাক্কা লাগে।

আহত অবস্থায় অভিনেত্রীকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাক্টর চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তাকে আটক করা হয়েছে। কোলাপুর থানার এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাক্টর চালকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও মোটর ভেহিক্যালস আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে

আইএ/ ১৪ নভেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language