হাসপাতালে পিছু নেওয়ায় পাপারাজ্জিদের ওপর ক্ষুব্ধ সালমান খান

মুম্বাই, ২০ মে – মুম্বাইয়ের একটি হাসপাতালে ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপের অভিযোগে পাপারাজ্জিদের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড মেগাস্টার সালমান খান। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক পোস্ট দিয়ে তিনি আলোকচিত্রীদের এমন আচরণের কড়া সমালোচনা করেন।
নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে দেখা যায়, হাসপাতাল থেকে বের হওয়ার সময় আলোকচিত্রীরা নাম ধরে চিৎকার করতে থাকলে সালমান দৃশ্যত বিরক্ত হন এবং তাদের এমন আচরণের কারণ জানতে চান। পরবর্তীতে সালমান লেখেন, তিনি সব সময় গণমাধ্যমকর্মীদের রুটি-রুজির বিষয়টিকে মূল্যায়ন করেছেন।
তবে হাসপাতালে তাঁর ব্যক্তিগত কঠিন সময়ে ক্যামেরা নিয়ে হাজির হওয়াকে তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তিনি প্রশ্ন তোলেন, জীবনের চেয়ে কি ছবি তোলা বেশি গুরুত্বপূর্ণ? ব্যক্তিগত পরিসরে এমন অনধিকার প্রবেশ কোনোভাবেই কাম্য নয় উল্লেখ করে তিনি বলেন, বয়স ষাট হলেও তিনি লড়াই করতে ভোলেননি।
এই ঘটনার ঠিক আগেই নিজের একাকিত্ব নিয়ে করা একটি পোস্ট নিয়ে ভক্তদের মাঝে তৈরি হওয়া ধোঁয়াশাও পরিষ্কার করেছেন তিনি।
সালমান জানান, একা থাকা তাঁর পছন্দ, কিন্তু পরিবার এবং অগণিত ভক্তের ভালোবাসা থাকায় তিনি মোটেও একাকী নন। সম্প্রতি রাজা শিবাজি সিনেমায় অতিথি চরিত্রে অভিনয়ের পর এখন তাঁর পরবর্তী সিনেমা মাতৃভূমি মুক্তির অপেক্ষায় রয়েছে।
এস এম/ ২০ মে ২০২৬









