ঢালিউড

‘পাগল মন’ এর এক মিনিট দৃশ্যের খরচ ৩ লাখ টাকা

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – দীর্ঘ দিন ধরে ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার শুটিংয়ের কাজ চলছে। এই সিনেমার একটি গানের মাত্র এক মিনিটের দৃশ্যের জন্য ৩ লাখ টাকা খরচ করা হয়েছে।

সিনেমার নায়ক জয় চৌধুরী গণমাধ্যমে জানান, এফডিসির ঝরনা শুটিং স্পটে দীর্ঘদিন কাজ না হওয়ার ফলে এটি অযত্নে পড়ে ছিল। আমাদের সিনেমায় ‘পাগল মন’ শিরোনামে একটি গান রয়েছে। সেটির এক মিনিটের দৃশ্য ধারণের জন্য নতুনভাবে সাজানো হয়েছে স্পটটি। সেখানে থাকা কৃত্রিম গাছগুলো রঙ করে সৌন্দর্য বর্ধন করা হয়েছে। কৃত্রিম ঘাসও লাগানো হয়েছে। ফলে রঙ্গিন আলোয় ঝলমঝ করছে চারপাশ। দেখতেও বেশ সুন্দর লাগছে।

জয় বলেন, মাত্র ১ মিনিটের দৃশ্যের জন্য এই সেটটি বানানো হয়েছে। সব মিলিয়ে এর পেছনে খরচ হয়েছে ৩ লাখ টাকা। এমন দৃশ্যে অপু দি আর আমি অভিনয় করেও শান্তি পেয়েছি। এফডিসিতে এর মধ্যে যারা আসবেন তারাও এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আশা করি দর্শকেরও দৃশ্যটি ভালো লাগবে।

দৃষ্টি নন্দন এই সেটটি বানিয়েছেন ফরিদ হোসেন। কোরিওগ্রাফি করছেন এ কে আজাদ।

আগামী ঈদেই সোলাইমান আলী লেবু পরিচালিত ‘প্রেম প্রীতির বন্ধন’ মুক্তি দেওয়ার জন্য প্রস্তুতি চলছে। অপু-জয় ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ।

এন এইচ, ১৯ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language