একদিনের ব্যবধানে কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্ত

ঢাকা, ২২ নভেম্বর – দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা কমলেও বেড়েছে শনাক্ত। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আরও দুইজনের মৃত্যু হয়েছে।
একই সময়ে নমুনা পরীক্ষায় নতুন ২৬৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১ দশমিক ৪২ শতাংশ।
সোমবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর সই করা করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে রোববার (২১ নভেম্বর) করোনায় সাতজন মারা গিয়েছিলেন।
গত ২৪ ঘণ্টায় মৃত দুজনই নারী। তারা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৫৫ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৮৩৬টি ল্যাবরেটরিতে ১৮ হাজার ৬৯৭টি নমুনা সংগ্রহ করা হয়।
এর মধ্যে নমুনা পরীক্ষা করা হয় ১৮ হাজার ৬১৪ জনের। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়ায় এক কোটি সাত লাখ ৪২ হাজার ৪১১ জন।
সূত্র: জাগো নিউজ
এম ইউ/২২ নভেম্বর ২০২১









