উত্তর আমেরিকা

ফিফার শান্তি পুরস্কার নিয়ে ট্রাম্পের পক্ষে হোয়াইট হাউসের সাফাই

ওয়াশিংটন, ২৯ এপ্রিল – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেয়া বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ‘পিস প্রাইজ’ বা শান্তি পুরস্কার নিয়ে সৃষ্ট বিতর্কের কড়া জবাব দিয়েছে হোয়াইট হাউস। সমালোচকদের উদ্দেশ্যে তারা সাফ জানিয়েছে যে এই সম্মাননার জন্য ট্রাম্পের চেয়ে যোগ্য ব্যক্তি বর্তমান পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই। গত ডিসেম্বরে আয়োজিত বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে প্রথমবারের মতো এই শান্তি পুরস্কার প্রবর্তন করে ফিফা। সংস্থার পক্ষ থেকে তখন জানানো হয় যে বিশ্বজুড়ে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে ট্রাম্পকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।

তবে এই ঘোষণার পরপরই বিশ্বজুড়ে শুরু হয় তীব্র সমালোচনা। মানবাধিকার সংগঠন ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা ফিফার এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। অস্ট্রেলিয়ার মিডফিল্ডার জ্যাকসন আরভিন সরাসরি ফিফার মানবাধিকার সনদকে উপহাস করার অভিযোগ তোলেন। তার মতে ফুটবলের ইতিবাচক ভাবমূর্তি এই সিদ্ধান্তের কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

নরওয়ের ফুটবল ফেডারেশনের সভাপতি লিসে ক্লাভেনেসও ট্রাম্পের এই পুরস্কার বাতিলের জোর দাবি জানিয়েছেন। তিনি মনে করেন রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখা ফিফার অন্যতম দায়িত্ব হলেও এক্ষেত্রে তা স্পষ্টত লঙ্ঘিত হয়েছে। সমালোচনার জবাবে হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইংলে এক বিবৃতিতে বলেন যে ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতি মাত্র এক বছরেরও কম সময়ে আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছে।

যারা এই পুরস্কারের বিরোধিতা করছেন তারা মূলত রাজনৈতিক বিদ্বেষ থেকে এমনটা করছেন বলেও তিনি মন্তব্য করেন। তবে এই বিতর্কের মধ্যেই ২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কিছু সামরিক পদক্ষেপ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের একাংশের মতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত সুসম্পর্ক এই পুরস্কার প্রাপ্তিতে প্রভাব ফেলতে পারে। এর আগে ট্রাম্প নিজেও বহুবার আন্তর্জাতিক সংঘাত নিরসনে তার ভূমিকার জন্য নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবি করে আসছিলেন।

এস এম/ ২৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language