সরকারি প্রাথমিকে বিনামূল্যে ব্যাগ, জুতা ও পোশাক দেবে সরকার

ঢাকা, ২৯ এপ্রিল – আগামী জুলাই মাস থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনামূল্যে স্কুলড্রেস, স্কুলব্যাগ ও জুতা পেতে যাচ্ছে। প্রতিটি উপজেলার দুটি প্রাথমিক বিদ্যালয়ে পাইলট প্রকল্প হিসেবে এই কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠক শেষে এই তথ্য নিশ্চিত করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বৈঠকে জানানো হয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে এই উপহার প্রদান করা হবে।
এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী জানান, বিজিএমইএ এর পক্ষ থেকে প্রাথমিকভাবে এক লক্ষ শিক্ষার্থীর প্রয়োজনীয় সামগ্রী প্রদানের নিশ্চয়তা পাওয়া গেছে। দেশের শীর্ষ শিল্পগোষ্ঠীগুলোও এই উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে। প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আওতায় উদ্যোক্তারা এই প্রকল্পে আগ্রহ দেখাচ্ছেন।
চলতি বছর পাইলট আকারে শুরু হলেও আগামী অর্থবছর থেকে এটি বৃহৎ পরিসরে বাস্তবায়ন করা হবে। বৈঠকে আরও জানানো হয়, সারা দেশে ছাত্রদের জন্য নির্দিষ্ট এক রঙের এবং ছাত্রীদের জন্য অন্য একটি নির্দিষ্ট রঙের পোশাক ও ব্যাগ বরাদ্দ করা হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না। অভিভাবকরা যেন সন্তানদের শিক্ষার ব্যয় নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন, সেই লক্ষ্যেই সরকার মিড ডে মিল ও বিনামূল্যে বইয়ের পাশাপাশি এই উদ্যোগ নিয়েছে। অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান বলেন, শিক্ষার্থীদের জন্য সরকারের এই শুভ উদ্যোগে বসুন্ধরা গ্রুপ পাশে থাকবে। তারা সারা দেশের শিক্ষার্থীদের ব্যাগ ও জুতা প্রদানের পাশাপাশি ভবিষ্যতে স্কুলগুলোতে ইলেকট্রিক্যাল বাস প্রদানেরও পরিকল্পনা রাখছেন।
এস এম/ ২৯ এপ্রিল ২০২৬









