সম্পাদকের পাতা

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা নিয়ে পার্লামেন্টে তীব্র বিরোধিতা

নজরুল মিন্টো

প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল সরকারের নতুন অভিবাসন পরিকল্পনা প্রত্যাখ্যানের দাবি তুলেছে বিরোধী দল কনজারভেটিভ পার্টি। এ দাবির প্রতি সমর্থন জানিয়েছে কুইবেকভিত্তিক রাজনৈতিক দল ব্লক কুইবেকোয়াও। বিরোধী দলগুলোর অভিযোগ, দেশে আবাসনসংকট, বেকারত্ব ও চিকিৎসাসেবার নানা সমস্যা বিদ্যমান থাকা সত্ত্বেও সরকার স্থায়ী বাসিন্দার সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। দেশের অবকাঠামো ও জনসেবার সামর্থ্য বিবেচনায় সরকারের এ সিদ্ধান্ত কতটা যুক্তিসংগত, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। এদিকে সম্প্রতি প্রকাশিত এক জনমত জরিপে দেখা গেছে, সরকারের নতুন অভিবাসন পরিকল্পনা নিয়ে উদ্বিগ্ন ৭২ শতাংশ উত্তরদাতা।

মঙ্গলবার ২৪ নভেম্বর অটোয়ায় পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়। বিরোধী দলের জন্য নির্ধারিত সংসদীয় কার্যদিবসের সুযোগ কাজে লাগিয়ে কনজারভেটিভরা সরকারের অভিবাসন পরিকল্পনা প্রত্যাখ্যানের প্রস্তাব উত্থাপন করেন। বুধবার অনুষ্ঠিত ভোটে প্রস্তাবটি প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। বিতর্কে কনজারভেটিভ পার্টির অভিবাসনবিষয়ক মুখপাত্র মিশেল রেম্পেল গার্নার বলেন, কানাডায় যে হারে মানুষকে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, তা দেশের সামর্থ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাঁর মতে, সরকারের এ সিদ্ধান্ত শুধু কানাডীয়দের জন্য নয়, নতুন অভিবাসীদের প্রতিও অন্যায়।

কনজারভেটিভদের দাবি, অভিবাসীর সংখ্যা নির্ধারণ করতে হবে দেশে কত নতুন বাড়ি নির্মিত হচ্ছে, হাসপাতালে কত শয্যা রয়েছে এবং শ্রমবাজারে কত মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে, তার ভিত্তিতে। রেম্পেল গার্নার বলেন, আবাসন, স্বাস্থ্যসেবা ও চাকরির বাজার যাতে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে, সেজন্য অভিবাসন গ্রহণের লক্ষ্যমাত্রা কমাতে হবে।

বিতর্কের কেন্দ্রে রয়েছে সরকারের ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত তিন বছরের অভিবাসন পরিকল্পনা। গত ৫ নভেম্বর প্রকাশিত এ পরিকল্পনায় প্রতিবছর ৩ লাখ ৮০ হাজার মানুষকে স্থায়ী বাসিন্দার মর্যাদা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ তিন বছরে মোট ১১ লাখ ৪০ হাজার মানুষ স্থায়ী বাসিন্দার মর্যাদা পেতে পারেন। এর বাইরে ২০২৭ সালের মধ্যে বিশেষ ব্যবস্থায় আরও সর্বোচ্চ দুই লাখ মানুষকে স্থায়ী বাসিন্দার মর্যাদা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

বিশেষ ব্যবস্থার আওতায় সর্বোচ্চ এক লাখ কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের স্থায়ী হওয়ার সুযোগ দেওয়া হবে। প্রাদেশিক ও আঞ্চলিক সরকারের সহযোগিতায় শ্রমবাজারের প্রয়োজন বিবেচনা করে তাঁদের নির্বাচন করা হবে। অন্য এক লাখের মধ্যে থাকবেন মানবিক কারণে স্থায়ী বসবাসের আবেদনকারী এবং পারিবারিক পুনর্মিলনসহ বিভিন্ন কর্মসূচির আবেদনকারীরা। তাঁদের মধ্যে রয়েছেন ইউক্রেন থেকে আসা প্রায় ১৯ হাজার এবং হংকং থেকে আসা প্রায় ৩২ হাজার মানুষ। এ ছাড়া পরিবারের নিকটাত্মীয়দের সঙ্গে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করেছেন প্রায় ৪৫ হাজার মানুষ।

কনজারভেটিভরা বলছেন, মানবিক কারণে কানাডায় আসা ব্যক্তিদের আবেদন নিষ্পত্তি করার বিষয়ে তাঁদের আপত্তি নেই। তবে তা করতে হবে সরকারের ঘোষিত বার্ষিক অভিবাসন লক্ষ্যমাত্রার মধ্যেই। এজন্য আলাদাভাবে অভিবাসীর সংখ্যা বাড়ানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

রেম্পেল গার্নার বলেন, কয়েক প্রজন্ম ধরে কানাডা বিশ্বের মানুষের কাছে একটি প্রতিশ্রুতি দিয়ে এসেছে। বৈধভাবে এ দেশে এসে পরিশ্রম করলে এবং নিয়মকানুন মেনে চললে একটি সুন্দর জীবন গড়ে তোলার সুযোগ পাওয়া যাবে। তাঁর অভিযোগ, লিবারেল সরকার সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।

কনজারভেটিভ নেতা পিয়ের পলিয়েভ আরও কঠোর ভাষায় সরকারের সমালোচনা করেছেন। মঙ্গলবার হাউস অব কমন্সে তিনি অভিযোগ করেন, বড় ব্যবসাপ্রতিষ্ঠান, বহুজাতিক কোম্পানি এবং আবাসন খাতে বিনিয়োগকারী বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মুনাফা বাড়াতেই সরকার অভিবাসন বাড়াতে চাইছে। তাঁর দাবি, কানাডীয়দের চাকরি দেওয়ার পরিবর্তে কম মজুরিতে বিদেশি কর্মী নিয়োগের সুযোগ তৈরি করে দিচ্ছে সরকার। একই সঙ্গে বাড়িভাড়ার বাজারে চাহিদা বাড়িয়ে বৃহৎ আবাসন ব্যবসায়ীদের লাভবান হওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে।

লিবারেল সরকারের অভিবাসন পরিকল্পনার বিরোধিতা করছে ব্লক কুইবেকোয়াও। দলটির অভিবাসনবিষয়ক মুখপাত্র আলেক্সি ব্রুনেল-দ্যুসেপ সরকারের বিরুদ্ধে অভিবাসনের প্রকৃত সংখ্যা আড়াল করার অভিযোগ তুলেছেন। তাঁর হিসাব অনুযায়ী, নিয়মিত লক্ষ্যমাত্রার সঙ্গে নতুন বিশেষ কর্মসূচি এবং আগের বছরের কিছু বরাদ্দ যোগ করলে ২০২৭ সালে স্থায়ী বাসিন্দার সংখ্যা ৬ লাখ ৬২ হাজারে পৌঁছাতে পারে। এমনটি হলে তা হবে কানাডার ইতিহাসে এক বছরে সর্বোচ্চসংখ্যক মানুষকে স্থায়ী বাসিন্দার মর্যাদা দেওয়ার ঘটনা। কুইবেকের আবাসন, সরকারি সেবা এবং নতুন অভিবাসীদের সমাজে অন্তর্ভুক্ত করার সক্ষমতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে দলটি।

বিরোধী দলগুলোর এসব আপত্তির পাশাপাশি নতুন অভিবাসন পরিকল্পনা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগও উঠে এসেছে জনমত জরিপে। গত ১৮ নভেম্বর প্রকাশিত পোস্টমিডিয়া ও লেজারের যৌথ জরিপে অংশগ্রহণকারীদের ৭২ শতাংশ জানিয়েছেন, আগামী বছর অভিবাসন বাড়ানোর প্রস্তাব নিয়ে তাঁরা উদ্বিগ্ন। এর মধ্যে ৪৪ শতাংশ অত্যন্ত উদ্বিগ্ন। জরিপে অংশগ্রহণকারীদের ৫৬ শতাংশ মনে করেন, কানাডা ইতিমধ্যেই প্রয়োজনের তুলনায় বেশি অভিবাসী গ্রহণ করছে। মাত্র ২৬ শতাংশ বর্তমান অভিবাসন গ্রহণের হারকে যথাযথ বলে মনে করেন।

কোন বিষয়গুলো নিয়ে কানাডীয়রা সবচেয়ে বেশি উদ্বিগ্ন, তাও উঠে এসেছে জরিপে। অংশগ্রহণকারীদের ৩৭ শতাংশ স্বাস্থ্যসেবা ও শিক্ষাব্যবস্থার ওপর অতিরিক্ত চাপের আশঙ্কা প্রকাশ করেছেন। ২১ শতাংশের উদ্বেগ বাড়ির চাহিদা ও আবাসন ব্যয় নিয়ে। আরও ১৪ শতাংশ গৃহহীনতা ও অপরাধসহ সামাজিক সমস্যার অবনতির আশঙ্কা করেছেন। চাকরির সুযোগ কমে যাওয়ার বিষয়ে উদ্বেগ জানিয়েছেন ১১ শতাংশ। গত ১৩ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত পরিচালিত এই অনলাইন জরিপে ১ হাজার ৫২২ জন প্রাপ্তবয়স্ক কানাডীয় অংশ নেন।

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা নিয়ে দেশে অস্বস্তি, অনাস্থা ও ক্ষোভ বাড়ছে। আবাসনসংকট, স্বাস্থ্যসেবার চাপ, কর্মসংস্থানের অনিশ্চয়তা এবং জনসেবার সীমিত সক্ষমতার বাস্তবতা সামনে রেখেই কনজারভেটিভ ও ব্লক কুইবেকোয়া সরকারকে এই পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানিয়েছে। জরিপে সংখ্যাগরিষ্ঠ উত্তরদাতাও যখন একই উদ্বেগ প্রকাশ করছেন, তখন এই পরিকল্পনা নিয়ে সরকারের পক্ষে নিশ্চুপ থাকা বা কেবল প্রশাসনিক ব্যাখ্যায় ভর করা যথেষ্ট হবে না। বিরোধী দলগুলোর বক্তব্য এবং জনমত জরিপের ফল থেকে যে আশঙ্কা সামনে আসছে তা হলো, বর্তমান সরকার দেশের বাস্তব সক্ষমতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ একটি নীতি চাপিয়ে দিতে যাচ্ছে, যার মূল্য শেষ পর্যন্ত দিতে হতে পারে কানাডীয়দেরই।

তথ্যসূত্র: Immigration, Refugees and Citizenship Canada; House of Commons; The Canadian Press; National Post

Back to top button
🌐 Read in Your Language