জাতীয়

বাংলাদেশ-মার্কিন স্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের প্রস্তাব রুমিন ফারহানার

ব্রাহ্মণবাড়িয়া, ২৯ এপ্রিল – ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত স্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের প্রস্তাব সংসদে উত্থাপন করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই প্রস্তাব পেশ করেন। তবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এই প্রস্তাবটিকে পয়েন্ট অব অর্ডার হিসেবে গ্রহণ না করে সংশ্লিষ্ট বিষয়ে নোটিশ দেওয়ার পরামর্শ দিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব শেষে বক্তব্য দিতে গিয়ে রুমিন ফারহানা বলেন, সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূতের সাথে আমাদের বাণিজ্যমন্ত্রীর একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সেখানে রাষ্ট্রদূত দুই দেশের আমদানি-রপ্তানি ঘাটতি, বাংলাদেশ কর্তৃক কৃষি ও জ্বালানি পণ্য আমদানির প্রতিশ্রুতি এবং বিনিয়োগের পরিবেশ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। রুমিন ফারহানা আরও উল্লেখ করেন যে, বাংলাদেশ থেকে যে পরিমাণ পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়, সে তুলনায় আমেরিকা থেকে অনেক কম পণ্য আমরা আমদানি করি। এই বাণিজ্য ঘাটতি পূরণের লক্ষ্যেই মূলত বিতর্কিত বাণিজ্য চুক্তিটি সম্পন্ন করা হয়েছে। সংসদ সদস্য অভিযোগ করেন যে, ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের মাত্র তিন দিন আগে ৯ ফেব্রুয়ারি এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।

সেই সময় দেশের সুশীল সমাজ ও বিভিন্ন গবেষণা সংস্থা বারবার বলেছিল যে, একটি অনির্বাচিত সরকার এ ধরনের গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করতে পারে না। তারা নির্বাচিত সরকার আসা পর্যন্ত অপেক্ষা করার দাবি জানিয়েছিলেন। কিন্তু তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার সেই পরামর্শ উপেক্ষা করে চুক্তিতে স্বাক্ষর করে। রুমিন ফারহানার মতে, এই চুক্তির অনেকগুলো ধারা বাংলাদেশের জাতীয় স্বার্থের পরিপন্থী। বক্তব্যের এক পর্যায়ে স্পিকার তাকে বাধা দিয়ে বলেন যে, এটি কোনো পয়েন্ট অব অর্ডার নয়।

কার্যপ্রণালী বিধির ৩০১ ধারা অনুযায়ী, পয়েন্ট অব অর্ডার হতে হয় সংসদের চলমান বিষয় বা শৃঙ্খলা রক্ষার স্বার্থে। স্পিকার রুমিন ফারহানাকে যথাযথ নোটিশ প্রদানের অনুরোধ করেন। এর জবাবে রুমিন ফারহানা আরও এক মিনিট সময় চেয়ে দাবি করেন যে, সরকার চাইলে এই চুক্তি বাতিল করতে পারে এবং বিষয়টি আলোচনার জন্য সংসদে আনা প্রয়োজন। তবে স্পিকার তার এই আবেদনকে পয়েন্ট অব অর্ডার হিসেবে গ্রহণ করতে অপরাগতা প্রকাশ করেন।

এস এম/ ২৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language