কৃষিখাত আধুনিকায়নে প্রিসিশন এগ্রিকালচার ও স্মার্ট প্রযুক্তির ব্যবহার হবে: কৃষিমন্ত্রী

নেত্রকোনা, ২৯ এপ্রিল – কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, দেশের কৃষিখাতকে আধুনিকীকরণ, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের জন্য ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে উন্নত প্রযুক্তি ও বাজার সংস্কারের বহুমুখী উদ্যোগ নিয়েছে সরকার। উচ্চমূল্যের ও উচ্চফলনশীল ফসলের জাত উদ্ভাবনের পাশাপাশি কৃষকদের আধুনিক চাষাবাদে দক্ষ করে তুলতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। বুধবার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে নেত্রকোনা ৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফার এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি জানান, উৎপাদন খরচ কমিয়ে কৃষকের আয় বাড়াতে সরকার ডাটা নির্ভর আধুনিক প্রিসিশন এগ্রিকালচার ব্যবস্থা চালু করেছে। এর আওতায় রিমোট সেন্সিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন এবং ন্যানোটেকনোলজি ব্যবহারের মাধ্যমে কৃষিকে স্মার্ট ও টেকসই খাতে রূপান্তর করা হচ্ছে। কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতের বিষয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যেই ১১টি উপজেলায় কৃষক কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন করেছেন। এই কার্ডের মাধ্যমে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সরাসরি ন্যায্যমূল্যে বিক্রির সুযোগ পাবেন।
এছাড়া পার্টনার প্রজেক্টের আওতায় ওয়ান স্টপ সার্ভিস হাব স্থাপন করা হচ্ছে, যেখান থেকে কৃষি উপকরণ ও বিপণন সুবিধা পাওয়া যাবে। মন্ত্রী আরও জানান, ২৫ সদস্যবিশিষ্ট ফার্মার বিজনেস স্কুল গঠন করা হচ্ছে যেখানে কৃষক ও ব্যবসায়ীরা সমন্বিতভাবে কাজ করবেন। এছাড়া স্মার্ট এগ্রিকালচার মার্কেট নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে যা সরাসরি কৃষক ও ভোক্তাদের মধ্যে সংযোগ স্থাপন করবে। বিএডিসির মাধ্যমে চুক্তিভিত্তিক চাষিদের বীজের মূল্যও বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
এস এম/ ২৯ এপ্রিল ২০২৬









