দেশের ২০ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস: নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

রংপুর, ২৯ এপ্রিল – দেশের ২০টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। আবহাওয়ার বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর এবং মাদারীপুর অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এছাড়া যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রতিকূল আবহাওয়া পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে নৌযান চলাচল ও সংশ্লিষ্টদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
এস এম/ ২৯ এপ্রিল ২০২৬









