নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন: রাশেদ খাঁন

ঢাকা, ২৯ এপ্রিল – গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে বিএনপি নেতা রাশেদ খাঁন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বিরুদ্ধে নৈতিক অপরাধের অভিযোগ তুলেছেন। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
রাশেদ খাঁন উল্লেখ করেন, নাহিদ ইসলাম ব্যক্তিগতভাবে দুর্নীতিতে না জড়ালেও তার দায়িত্ব পালনকালে সরকারের ঘনিষ্ঠ অনেক ব্যক্তি দুর্নীতি ও তদবির বাণিজ্যে লিপ্ত হয়েছেন। তার সাবেক একান্ত সহকারী আতিক মোর্শেদের কর্মকাণ্ড নিয়েও গণমাধ্যমে নানা অভিযোগ এসেছে। এছাড়া নিজ মন্ত্রণালয়ের বাইরেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিজস্ব সার্কেলের লোকদের নিয়োগ দেওয়ার ক্ষেত্রে নাহিদ ইসলামের প্রভাব ছিল বলে দাবি করেন রাশেদ খাঁন।
এনসিপির আর্থিক সহায়তা এবং শেখ বশির উদ্দিনকে বাণিজ্য উপদেষ্টা করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রাশেদ খাঁন মনে করেন, উপদেষ্টা পদে থাকাকালীন রাজনৈতিক দল গঠন করা একটি বড় ধরনের নৈতিক অপরাধ। তিনি আরও বলেন, তথ্য মন্ত্রণালয়ের কোনো দৃশ্যমান সংস্কার হয়নি এবং শেখ হাসিনার আমলের কালো আইন ব্যবহার করে টেলিভিশন চ্যানেলের লাইসেন্স দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত বিচার, সংস্কার ও নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা না করে পদত্যাগ করাকে তিনি নৈতিক বিচ্যুতি হিসেবে অভিহিত করেন।
এস এম/ ২৯ এপ্রিল ২০২৬









