ছয় মাস পর মমেক হাসপাতালে করোনায় মৃত্যু শূন্য

প্রায় ছয় মাস পর ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়ে কোন রোগীর মৃত্যু হয়নি।
বুধবার (২৭ অক্টোবর) দুপুরে মমেক হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, চলতি অক্টোবর মাসে মমেক হাসপাতালে করোনা ও উপসর্গে ৯৯ জনের মৃত্যু হয়েছে। গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ১০২৬ জন মারা গেছেন।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৯ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৬৮ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ৪ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ৭ জন হাসপাতাল ছেড়ে গেছেন।
সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১০১টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়নি। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২২ হাজার ৭২ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ৪৯৬ জন।
সূত্রঃ আরটিভি
আর আই









