ময়মনসিংহ

ময়মনসিংহে জোড়া ট্রেন দুর্ঘটনা, ব্যাহত রেল যোগাযোগ

ময়মনসিংহ, ১০ জুন – ময়মনসিংহে জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সকালে সংঘটিত এই দুর্ঘটনার ফলে ময়মনসিংহ থেকে জামালপুর রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।

এর কিছুক্ষণ পর লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করতে যাওয়ার সময় ময়মনসিংহ স্টেশনের আউটার সিগনাল এলাকায় একটি উদ্ধারকারী বা রিলিফ ট্রেনের চাকাও লাইনচ্যুত হয়। রেলওয়ে সূত্রে জানা যায়, বুধবার সকাল সোয়া ৯টার দিকে ময়মনসিংহ নগরীর আনন্দ কলেজ রেলক্রসিং এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হয়।

খবর পেয়ে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের দিকে রওনা দেয়। তবে সকাল ১০টার দিকে সেটি উদ্ধার করতে যাওয়ার পথে স্টেশনের আউটার সিগনাল এলাকায় আবারও দুর্ঘটনার শিকার হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকতার হোসেন জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি নগরীর আনন্দ কলেজ রেলক্রসিং এলাকায় পৌঁছালে বিকট শব্দে সেটির চাকা লাইনচ্যুত হয়। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বর্তমানে রেলওয়ে কর্মীরা আগে রিলিফ ট্রেনের চাকা উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন। রিলিফ ট্রেনটি সচল করা সম্ভব হলে পরবর্তীতে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার উদ্ধারের কাজ শুরু করা হবে।

এস এম/ ১০ জুন ২০২৬


Back to top button