জাতীয়

আগস্টে দেশের বিভিন্ন এলাকায় বন্যার আশঙ্কা ও তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস

ঢাকা, ২ আগস্ট – আগস্ট মাসে মৌসুমি ভারী বৃষ্টিপাতের প্রভাবে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে গঠিত বিশেষজ্ঞ কমিটি এই তথ্য জানিয়েছে।

রোববার ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে অনুষ্ঠিত এক পর্যালোচনা বৈঠকে এই পূর্বাভাস দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে অন্তত একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাত হলেও বিভিন্ন স্থানে পাঁচ থেকে ছয় দিন বজ্রঝড় হওয়ার আশঙ্কা রয়েছে।

বৃষ্টিপাতের পাশাপাশি দিনের ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। দেশের কিছু অঞ্চলে এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এই সময় তাপমাত্রা ৩৬ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করার সম্ভাবনা রয়েছে।

নদ নদীর পরিস্থিতি নিয়ে বলা হয়েছে, আগস্ট মাসে দেশের প্রধান নদ নদীগুলোর পানির স্তর সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে। ফলে ভারি বর্ষণে উত্তর ও পূর্বাঞ্চলের জেলাগুলোতে আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হবে।

এদিকে গত জুলাই মাসের আবহাওয়া বিশ্লেষণে দেখা গেছে, সেই মাসে দেশে স্বাভাবিকের চেয়ে ৩৫ দশমিক ৬ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। ময়মনসিংহ বিভাগ ছাড়া দেশের অন্যান্য সব বিভাগেই গড় বৃষ্টিপাত বেশি ছিল।

গত মাসে তিনটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল যার মধ্যে দুটি নিম্নচাপে রূপ নেয়। জুলাই মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় রংপুরে এবং সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াস ছিল সিলেটে।

এনএন/ ২ আগস্ট ২০২৬


Back to top button