শিক্ষা

গবেষণা ও গবেষকের ডেটাবেজ করবে ইউজিসি

ঢাকা, ২৮ জুন – জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা ও গবেষকের প্রকৃত চিত্র তুলে ধরার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। এ উদ্যোগের বাস্তবায়ন হলে ২০৩০ সালের মধ্যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার মান কাঙিক্ষত পর্যায়ে পৌছে যাবে বলে মনে করে সংস্থাটি।

টেকসই উন্নয়ন অভীষ্ট পরিবীক্ষণে বৈশ্বিক সূচক ৯.৫.২ এর ডাটা সরবরাহ বিষয়ে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত এক কর্মশালায় এ সিদ্ধান্ত হয়। সোমবার ইউজিসি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়,এ উদ্যোগের ফলে গবেষণা ও গবেষক উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

সভায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ও ইউজিসি’র এসডিজি ট্রাকারের দায়িত্বপ্রাপ্ত ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন।

সভায় জানানো হয়, দেশে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও গবেষকদের প্রকৃত তথ্য সংরক্ষণের কোন ব্যবস্থা নেই। ফলে বিশ্ব র‌্যাংকিং-এ বিশ্ববিদ্যালয়সমূহ কাঙিক্ষত স্থান অর্জন করতে সক্ষম হচ্ছে না। সভায় সিদ্ধান্ত অনুযায়ী গবেষণা ও গবেষকের প্রকৃত চিত্র জানতে ইউজিসি একটি ডেটাবেজ তৈরি করবে। গবেষণা, গবেষক ও গবেষণাকর্মে সহায়তাকারীদের তথ্য, গবেষণায় ব্যায় করা কর্মঘণ্টা সেখানে যুক্ত হবে।

সভাায় ইউজিসি সদস্য বিশ্বজিৎ চন্দ বলেন, দেশে মানসম্পন্ন ও ফলধর্মী গবেষণার ব্যাপক অভাব রয়েছে। এ অবস্থা থেকে উত্তরণ ও কর্মপরিকল্পনা প্রয়োজন।

তিনি বলেন, ২০৪১ এর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে মানসম্পন্ন শিক্ষা ও গবেষণার বিকল্প নেই। তিনি মনে করেন, এ উদ্যোগের মাধ্যমে গবেষণার প্রকৃত চিত্র এবং কর্মপরিকল্পনা নির্ধারণ করতে সহজ হবে।

ইউজিসি’র স্ট্র্যাটেজিক প্ল্যানিং এন্ড কোয়ালিটি এসুরেন্স বিভাগের পরিচালক ড. ফখরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিশনের সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ। কর্মশালায় এসপিকিউএ বিভাগের উপপরিচালক বিষ্ণু মল্লিক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২৮ জুন ২০২১

Back to top button
🌐 Read in Your Language