সাত বছর পর শাবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

সিলেট, ১৭ জুন – শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
২০১৩ সালের ৮মে এক বছর মেয়াদী শাবি ছাত্রলীগের ৭ সদস্যবিশিষ্ট কমিটি দিয়েছিল তৎকালীন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।
১ বছর মেয়াদের কমিটি হলেও ২০১৬ সালের শেষ দিকে ৭ সদস্যবিশিষ্ট অসম্পূর্ন কমিটিকে ১৫১ সদস্যদের পূর্ণাঙ্গ করা হয়েছিল।
এদিকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বৃহস্পতিবার বিকেলে তাদের ফেইসবুক পেজে পোস্ট করা সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতালেব শাবি শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল।
অন্যদিকে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করায় অনেক নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে আনন্দ প্রকাশ করেছেন।
সূত্র: সমকাল
এম ইউ/১৭ জুন ২০২১









