কিশোর গ্যাংয়ের বিরোধে চেয়ারম্যানের ছেলে খুন

কিশোরগঞ্জ, ০২ জুন– কিশোর গ্যাংয়ের বিরোধিতার জেরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছেলে স্কুলছাত্র প্রবাল (১৭) খুন হয়েছেন।
মঙ্গলবার (১ জুন) রাত সাড়ে ৯টার দিকে কিশোরগঞ্জ ভৈরব বাসস্ট্যান্ডের এক দোকান থেকে প্রবালের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত প্রবাল পার্শ্ববর্তী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ভূঁইয়ার ছেলে।
জানা গেছে, মোহাম্মদ হোসেন ভূঁইয়া ভৈরব বাসস্ট্যান্ড-সংলগ্ন দুর্জয় মোড় এলাকায় অবস্থিত মাতৃকা (প্রা.) হাসপাতালের মালিক। বর্তমানে তারা হাসপাতালের ওপর তলার বাসায় বসবাস করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে দুর্জয় মোড় এলাকায় কিশোর গ্যাংয়ের মাঝে ঝগড়া হয়েছে। কিশোর গ্যাংয়ের মধ্য ঝগড়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই সদস্যরা পালিয়ে যায়। পরে কয়েকজন কিশোর রক্তমাখা কাপড় নিয়ে দৌড়ে পালিয়ে গেছে।
পুলিশ রাত সাড়ে ৮ টার দিকে আবারও ঘটনাস্থলে এসে শাকিল মোটরস নামের ওই দোকানটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পায় প্রবালের লাশ দেয়াল ঘেঁষে পড়ে আছে। লাশের সঙ্গে একটি খালি বস্তাও পায় পুলিশ।
ধারণা করা হচ্ছে হত্যাকারীরা লাশটি গুম করতে এ বস্তা এনেছিল। লাশ গুম করতে না পেরে হত্যাকারীরা রক্তমাখা কাপড় নিয়ে পালিয়ে যায়। নিহতের পরিবারের সদস্যরা রাত পৌনে ৯টায় খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করে।
নিহত প্রবাল এবার এসএসসি পাস করে কলেজে ভর্তির অপেক্ষায় ছিল।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল শাকিল মোটরসের দোকানের তালা ভেঙে লাশ দেখতে পায়। প্রবালকে কে বা কারা হত্যা করেছে, তা এখনও জানা যায়নি।
তিনি আরও জানান, সিআইডির ক্রাইমসিন বিভাগে খবর দেওয়া হয়েছে। তারা এসে ঘটনা প্রত্যক্ষ করে প্রাথমিক আলামত পরীক্ষার পর লাশ থানায় নেওয়া হবে।
সূত্র : আরটিভি
এম এন / ০২ জুন









