২৫ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু

ঢাকা, ১০ সেপ্টেম্বর- চলতি মাসের ২৫ তারিখ থেকে সারাদেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার সকালে আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, এরই মধ্যে হামের টিকার একটি বড় চালান দেশে এসেছে। চলতি মাসের ১৭ তারিখ আরও একটি চালান আসবে। হামে মৃত্যুর ঘটনায় বর্তমান সরকারের কোনো দায় নেই বলেও জানান তিনি।
ডেঙ্গু প্রসঙ্গে মন্ত্রী বলেন, যে দেশে প্রতি গজে পানি জমে থাকে, সেখানে মশা আটকানো সম্ভব নয়। ঢাকার বাইরে প্রতিটি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা রয়েছে। কিন্তু ডেঙ্গু হলেই সবাই ঢাকায় চলে আসেন।
অনেক রোগীর অভিযোগ, চিকিৎসকেরাই তাদের ঢাকায় পাঠিয়ে দেন—এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, চিকিৎসকদের মধ্যেও এক ধরনের ভীতি কাজ করে। এ কারণে তারা রোগীদের ঢাকায় পাঠিয়ে দেন।
তবে কারা এই টিকা পাবেন এবং কারা পাবেন না, সে বিষয়ে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, কর্মসূচির মূল লক্ষ্য হলো আগের টিকাদান কর্মসূচিতে টিকা থেকে বাদ পড়া শিশুদের শনাক্ত করে টিকার আওতায় আনা।
কারা টিকা পাবেন?
- আগের হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে টিকা না পাওয়া শিশুরা।
- টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়া বা দুর্গম এলাকায় থাকা শিশুরা।
- যেসব শিশুর টিকাদানে ঘাটতি রয়েছে, তাদেরও কর্মসূচির আওতায় আনার উদ্যোগ থাকবে।
- দেশের বিভিন্ন এলাকার বাদ পড়া শিশুদের শনাক্ত করে টিকা দেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, পর্যাপ্ত টিকা সংগ্রহ করা হয়েছে। প্রত্যন্ত ও দুর্গম এলাকাতেও টিকাদান কার্যক্রম চালানো হবে।
এস এম/ ১০ সেপ্টেম্বর ২০২৬







