পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার নিন্দা বাংলাদেশের

ঢাকা, ১০ সেপ্টেম্বর- ফিলিস্তিনি ভূখণ্ডের অধিকৃত পশ্চিম তীরের ই-১ এলাকায় বসতি সম্প্রসারণে ইসরায়েলের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট নীতিমালার বিরোধী। এ ধরনের পদক্ষেপ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের আঞ্চলিক অখণ্ডতা এবং কার্যকর দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে আরও ক্ষতিগ্রস্ত করে।
বিবৃতিতে ফিলিস্তিনি ভূখণ্ডে সব ধরনের বসতি স্থাপন কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানায় বাংলাদেশ। একই সঙ্গে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানার ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারসহ ফিলিস্তিনি জনগণের বৈধ ও অবিচ্ছেদ্য অধিকারের প্রতি নিজেদের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।
বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক আইন ও দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের ভিত্তিতে মধ্যপ্রাচ্যে ন্যায়সঙ্গত, সামগ্রিক ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছে বাংলাদেশ। পাশাপাশি ফিলিস্তিনি রাষ্ট্রসত্তাকে ক্ষুণ্ন করে এমন কর্মকাণ্ড প্রতিরোধেও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের পাশে রয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, স্বাধীনতা, মর্যাদা, ন্যায়বিচার ও রাষ্ট্রসত্তা লাভের ক্ষেত্রে ফিলিস্তিনিদের বৈধ আকাঙ্ক্ষাকে সমর্থন করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করছে বাংলাদেশ।
এস এম/ ১০ সেপ্টেম্বর ২০২৬







