ভারতে করোনায় মৃতদের লাশ ফেলা হচ্ছে নদীতে, ভিডিও ভাইরাল

নয়াদিল্লী, ৩০ মে – ভিডিও চিত্রে ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া এক ব্যক্তির মরদেহ সেতুর ওপর থেকে নদীতে ফেলে দেয়ার দৃশ্য ধরা পড়েছে। রোববার এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
খবরে বলা হয়, ঘটনাটি ঘটেছে গত ২৮ মে ভারতের উত্তর প্রদেশের বলরামপুর জেলায়। নদীর ওপরে থাকা সেতু দিয়ে গাড়িতে করে যাওয়ার সময় লোকজন মরদেহ নদীতে ফেলে দেয়ার চেষ্টার দৃশ্য ধারণ করেন।
ভিডিওটিতে দেখা যায়, দুই ব্যক্তি মরদেহটি নদীতে ফেলার জন্য সেতুর রেলিংয়ে তুলছেন। এদের মধ্যে একজনের পরনে ছিল পিপিই। রেলিংয়ের ওপর তোলার পর পিপিই পরা ব্যক্তি সম্ভবত মরদেহটি ব্যাগ থেকে বের করার চেষ্টা করছিলেন।
এ বিষয়ে বলরামপুরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ভিবি সিং বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, ওই রোগী ২৫ মে হাসপাতালে ভর্তি হন। ২৮ মে মারা যান। করোনার প্রটোকল অনুযায়ী, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। স্বজনেরা মরদেহটি নদীতে ফেলে দেন।
এ ঘটনায় মামলা করা হয়েছে জানিয়ে বলরামপুরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
মে মাসের শুরুর দিকে গঙ্গা নদীর বিহার ও উত্তর প্রদেশ অংশে শত শত লাশ ভাসতে দেখা যায়। গঙ্গার তীরে বালিতেও চাপা দেয়া অবস্থায় অনেক লাশ পাওয়া যায়। এসব লাশ করোনায় মারা যাওয়া ব্যক্তিদের বলে ধারণা করা হয়।
In UP’s Balrampur district, video of body of man being thrown in the river from a bridge has surfaced. The body was of a man who succumbed to Covid on May 28. pic.twitter.com/DEAAbQzHsL
— Piyush Rai (@Benarasiyaa) May 30, 2021
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এ/ ৩০ মে









