আইন-আদালত

স্বাস্থ্যবিধি ও সুরক্ষা দিয়ে সব আদালত খুলে দিন: খন্দকার মাহবুব

ঢাকা, ২৯ মে– স্বাস্থ্যবিধি ও সুরক্ষা দিয়ে দেশের সব আদালত অবিলম্বে খুলে দেওয়ার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, গণপরিবহনসহ অন্যান্য প্রতিষ্ঠান চলছে। ফলে বিচার বিভাগকে সংকুচিত করা উচিত নয়।

শনিবার বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ বাসভবনে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

মামলাজট কমাতে ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিশন গঠনের দাবি জানিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক এই সভাপতি বলেন, বিচার বিভাগের প্রতি যতটা গুরুত্ব দেওয়া উচিত ছিল, দুর্ভাগ্যবশত তা দেওয়া হয়নি। ফলে বিচার বিভাগ এখন সংকটপূর্ণ অবস্থায় রয়েছে।

তিনি বলেন, করোনার আগেই বিচার বিভাগে মামলার সংখ্যা অনেক বেশি ছিল। করোনা প্রাদুর্ভাবের ফলে দীর্ঘদিন নিম্ন আদালত ও উচ্চ আদালতে মামলা নিষ্পত্তি না হওয়ার কারণে সেই সংকট ভয়াবহ রূপ নিয়েছে।

খন্দকার মাহবুব বলেন, দীর্ঘদিন এ অবস্থা চললে আর মামলার জট দ্রুত যদি নিষ্পত্তি না করা হলে বিচারের প্রতি মানুষের অনাস্থা ও অনীহা সৃষ্টি হবে। তিনি বলেন, পেশাগত কাজে যেসব আইনজীবী আদালতে যান তাদের করোনা ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, আপিল বিভাগে তিনটি বেঞ্চ করা যায়। বর্তমানে সেখানে দুটি বেঞ্চ আছে। দেশে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মামলার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেই অনুপাতে বিচারক সংখ্যা অনেক কম।

সূত্র : সমকাল
এম এন / ২৯ মে


Back to top button
🌐 Read in Your Language