ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের উত্তরসূরি কে? আলোচনায় ফয়সাল ও শামারুহ

ঠাকুরগাঁও, ১৮ আগস্ট – সদর, ভুল্লি ও রুহিয়া নিয়ে গঠিত ঠাকুরগাঁও ১ আসনটি দীর্ঘকাল ধরে মির্জা পরিবারের শক্তিশালী ঘাঁটি হিসেবে সুপরিচিত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা প্রয়াত মির্জা রুহুল আমিনের সময় থেকেই এই জনপদটি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য নির্বাচিত হয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন। সম্প্রতি আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে দলের পক্ষ থেকে তাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার পর থেকেই এই আসনটি নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা কল্পনা শুরু হয়েছে।
মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হলে আসনটি শূন্য হবে এবং সেক্ষেত্রে বিএনপির হাল কে ধরবেন তা নিয়ে স্থানীয় নেতা কর্মীদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। এই দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন মির্জা ফখরুলের ভাই মির্জা ফয়সাল আমিন এবং তার কন্যা শামারুহ মির্জা।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সাল আমিন দীর্ঘদিন ধরে তৃণমূলের রাজনীতির সঙ্গে যুক্ত। অন্যদিকে শামারুহ মির্জা একজন গবেষক ও শিক্ষাবিদ হিসেবে সুপরিচিত এবং বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। গত নির্বাচনে বাবার পক্ষে প্রচারণায় অংশ নিয়ে তিনি স্থানীয় সাধারণ মানুষের দৃষ্টি কেড়েছেন।
ঠাকুরগাঁও চেম্বারের সাবেক নেতা আবদুস ছালাম মনে করেন উত্তরাধিকার সূত্রেই আসনটি মির্জা পরিবারের কোনো সদস্যের পাওয়া উচিত। তবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গম আলী জানিয়েছেন দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করবে স্থানীয় বিএনপি।
এস এম/ ১৮ আগস্ট ২০২৬









