বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি নিয়ে জাতিসংঘের রিপোর্ট সম্পূর্ণই অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৮ আগস্ট – স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিবেদনটি মূলত অনুমাননির্ভর। তিনি বলেন, প্রতিবেদনটি তিনি এখনো পড়েননি তবে যতটুকু জেনেছেন তাতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যেসব তথ্য দেওয়া হয়েছে সেগুলো অনুমানপ্রসূত হওয়ায় সরকার তা আমলে নিচ্ছে না।
সোমবার সচিবালয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ২০২৫ এর প্রতিবেদন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক প্রতিবেদনে বাংলাদেশে আল কায়েদার স্থায়ী ঘাঁটি ও গোপন সেল গড়ে তোলার চেষ্টার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
এ বিষয়ে মন্ত্রী বলেন, তারা হয়তো কিছু পর্যবেক্ষণ দিতে পারে তবে না দেখে বিস্তারিত বলা সম্ভব নয়। তিনি আরও উল্লেখ করেন যে অনুমাননির্ভর প্রতিবেদনের ভিত্তিতে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বিগত ছয় মাসে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে এবং এই অগ্রগতির মূল্যায়ন করবে দেশের সাধারণ মানুষ।
বিগত ১৮০ দিনে সরকারের গৃহীত নানা সংস্কারমূলক কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগ জনগণের কাছে প্রশংসিত হয়েছে বলেও তিনি দাবি করেন। প্রধানমন্ত্রী ঘোষিত রূপরেখার ভিত্তিতে সরকারের প্রথম ১৮০ দিনে একাধিক জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়িত হয়েছে।
মন্ত্রী জানান, ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেও সরকার তাৎক্ষণিকভাবে তেলের দাম না বাড়িয়ে কৃষকদের স্বার্থ সুরক্ষা করেছে। তিনি আরও বলেন, বিগত সরকারের রেখে যাওয়া জ্বালানি সংকট নিরসনে মাতারবাড়ীতে গভীর সমুদ্রবন্দর সংলগ্ন এলাকায় এলএনজি টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাশাপাশি অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধান কার্যক্রমও শুরু হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ এবং ইমাম ও মুয়াজ্জিনদের মাসিক সম্মানী প্রদানের মতো পদক্ষেপগুলো সরকার বাস্তবায়ন করেছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দেশে বর্তমানে খাদ্যের মজবুত ও নিরাপদ মজুত রয়েছে বলেও জানান তিনি।
এস এম/ ১৮ আগস্ট ২০২৬









