ক্রিকেট

ফিক্সিং কেলেঙ্কারিতে ৬ বছর নিষিদ্ধ ক্রিকেটার

কলম্বো, ২৮ এপ্রিল – শ্রীলংকার সাবেক তারকা ক্রিকেটার নুয়ান জোয়েসাকে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ছয় বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তার বিরুদ্ধে আইসিসির দুর্নীতি দমন শাখার নিয়ম ভাঙার অভিযোগও রয়েছে।

গত কয়েক বছর ধরে ক্রিকেট সংক্রান্ত একাধিক অপরাধে অভিযুক্ত ছিলেন শ্রীলংকার সাবেক এই তারকা ক্রিকেটার। সেই অপরাধের কারণেই আইসিসির দুর্নীতি দমন ট্রাইব্যুনাল তাকে নিষিদ্ধ করে।

২০১৮ সালের ৩১ অক্টোবর থেকে নিষেধাজ্ঞায় রয়েছেন লংকান সাবেক তারকা ক্রিকেটার এবং কোচ নুয়ান জোয়েসা।

এই লংকানের নিষেধাজ্ঞার ব্যাপারে আইসিসির ইন্টিগ্রিটি শাখার জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল বলেছেন, শ্রীলংকার হয়ে এক দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট ১২৫টি ম্যাচ খেলো জোয়েসা ক্যারিয়ারে একাধিক দুর্নীতি দমনের ক্লাসে যোগ দিয়েছেন। জাতীয় দলের কোচ হিসেবে তাকে একজন রোল মডেলের ভূমিকায় নেওয়া উচিত ছিল, কিন্তু তিনি দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন এবং অন্যদের দুর্নীতি করতে উৎসাহ দিয়েছেন। একটি ম্যাচে ফিক্সিং করেছেন, যা কখনো গ্রহণযোগ্য নয়।

ট্রাইব্যুনালের পক্ষ থেকে আরও জানানো হয়, জোয়েসা আইসিসির দুর্নীতি দমনের নিয়ম ২.১.১ ধারা অনুযায়ী, খেলার ফলাফলে প্রভাব খাটানোর চেষ্টা করেছিলেন এবং তার সঙ্গে জড়িত ছিলেন। এর পাশাপাশি ২.১.৪ ধারায় খেলোয়াড়দের প্রলোভন বা হুমকি দেখানোর দায়েও তাকে অভিযুক্ত করা হয়েছে। এছাড়াও ২.৪.৪ ধারায় আইসিসির দুর্নীতি দমন শাখার দুর্নীতি বিষয়ে কোনো কিছু না বলার জন্যও তাকে অভিযুক্ত করা হয়। এ কারণগুলোর জন্যই ছয় বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে বাইরে থাকতে হবে জোয়েসাকে।

সূত্র : যুগান্তর
এন এইচ, ২৮ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language