দক্ষিণ আমেরিকা

ব্রাজিলের পি১ ধরনটির মিউটেশন হচ্ছে, আরও বিপজ্জনক হতে পারে

ব্রাসিলিয়া, ১৫ এপ্রিল – লাতিন আমেরিকার দেশগুলোতে প্রাণঘাতী কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির পেছনে ব্রাজিলের যে পি১ করোনাভাইরাস ধরনটি আছে সেটি মিউটেশনের মাধ্যমে যে রূপ লাভ করছে তাতে আরও ভালোভাবে অ্যান্টিবডি এড়াতে পারতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা।

সম্প্রতি ভাইরাসের এ ধরনটি বিশ্বজুড়ে শঙ্কার কারণ হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

ব্রাজিলের জনস্বাস্থ্য ইনস্টিটিউট ফিয়োক্রুজ দেশটিতে ছড়াতে থাকা এ ধরনটি নিয়ে গবেষণা পরিচালনা করেছে। তাতে দেখা গেছে, ভাইরাসটির স্পর্শক অঞ্চলে মিউটেশন হচ্ছে; দেহকোষগুলোতে প্রবেশ ও সংক্রমিত করার জন্য এই স্পর্শকগুলোই ব্যবহার করে ভাইরাসটি।

গবেষকরা বলেছেন, মিউটেশনের মাধ্যমে যে পরিবর্তনগুলো হচ্ছে তা ভাইরাসটিকে আরও টিকা প্রতিরোধী করে তুলতে পারে। টিকা ভাইরাসের স্পর্শক প্রোটিনগুলো অকার্যকর করার কাজটিই করে।

আরও পড়ুন : সহিংস বিক্ষোভ : কট্টরপন্থি দল নিষিদ্ধ করছে পাকিস্তান

পি১ ধরনটির উৎপত্তি যেখানে বলে বিশ্বাস করা হয় ব্রাজিলের সেই আমাজন অঞ্চলের মানাউস শহরে কর্মকরত ফিওক্রুজের বিজ্ঞানী ও সংশ্লিষ্ট অনুসন্ধানের অন্যতম গবেষক ফেলিপে নাভেকা বলেছেন, “অ্যান্টিবডির প্রতিক্রিয়া এড়াতে ভাইরাসটি ফাঁকি দেওয়ার আরেকটি কৌশল তৈরি করছে বলে আমাদের বিশ্বাস।”

নাভেকা জানান, ভাইরাসটির পরিবর্তনগুলো আরও আগ্রাসী দক্ষিণ আফ্রিকার ধরনটির মিউটেশনে যেমনটি দেখা গিয়েছিল সেরকম হতে পারে বলে মনে হচ্ছে, যেটি কিছু টিকার কার্যকারিতা যথেষ্ট পরিমাণে হ্রাস করতে পারে বলে গবেষণায় দেখা গেছে।

“এটি সত্যিই খুব উদ্বেগজনক কারণ ভাইরাসটি এর বিবর্তনের গতি বাড়িয়ে চলছে,” বলেন তিনি।

গবেষণায় দেখা গেছে, পি১ ধরনটি উহানের মূল করোনাভাইরাসের চেয়ে প্রায় আড়াই গুণ বেশি সংক্রামক এবং আরও বেশি অ্যান্টিবডি প্রতিরোধী।

এটি দ্রুতই ব্রাজিলের সবচেয়ে প্রভাবশালী ধরনে পরিণত হয়েছে। দেশটিতে সংক্রমণের বিশাল দ্বিতীয় ঢেউয়ের পেছনে এই ধরনটিই বড় ভূমিকা পালন করেছে বলে মনে করা হয়। এতে মহামারীতে ব্রাজিলে মৃত্যুর সংখ্যা সাড়ে তিন লাখ ছাড়িয়ে গেছে।

মহামারীতে মৃত্যুর সংখ্যায় বিশ্বে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পর ব্রাজিল দ্বিতীয় স্থানে আছে।

সূত্র : বিডিনিউজ
এন এ/ ১৫ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language