দক্ষিণ আমেরিকা

ভেনেজুয়েলার তেলের বাজারের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র: দৈনিক রপ্তানি ৫ লাখ ব্যারেল ছাড়াল

কারাকাস, ১৯ আগস্ট – ভেনেজুয়েলার জ্বালানি খাতে গত কয়েক মাসে এক অভাবনীয় পরিবর্তন লক্ষ্য করা গেছে। বর্তমানে দেশটির মোট উৎপাদিত তেলের প্রায় অর্ধেকই রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্রে।

মার্কিন জ্বালানি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা কাইল হস্টভেইট হিউস্টনে এক সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভেনেজুয়েলা এখন প্রতিদিন গড়ে সাড়ে ১২ লাখ ব্যারেল তেল উৎপাদন করছে। এর মধ্যে ৫ লাখ ব্যারেলের বেশি তেল কেনাকাটা করছে মার্কিন শোধনাগারগুলো।

মাত্র কয়েক মাস আগে চিত্রটি ছিল সম্পূর্ণ ভিন্ন। তখন দৈনিক তেলের উৎপাদন ছিল ১০ লাখ ব্যারেলের কাছাকাছি এবং যুক্তরাষ্ট্রে রপ্তানি হতো মাত্র ১ লাখ ৩৫ হাজার ব্যারেল। বর্তমানে ভেনেজুয়েলার ভারী ও সালফারযুক্ত তেল প্রক্রিয়াজাত করার জন্য যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরীয় উপকূলের শোধনাগারগুলো সক্রিয় ভূমিকা পালন করছে।

জ্বালানি বিশেষজ্ঞদের মতে, বিশ্বের প্রায় ১৭ শতাংশ প্রমাণিত তেলের মজুত রয়েছে ভেনেজুয়েলায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভেনেজুয়েলার তেল খাতকে নতুনভাবে ঢেলে সাজানোর পদক্ষেপ নিয়েছে। গত ৩ জানুয়ারি রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশটির তেল উত্তোলনে ব্যাপক গতি এসেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ভেনেজুয়েলার তেল বিক্রির অর্থ একটি বিশেষ অ্যাকাউন্টে জমা রাখা হচ্ছে যা সরাসরি ওয়াশিংটনের তত্ত্বাবধানে রয়েছে।

ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএর ভাইস প্রেসিডেন্ট জোভানি মার্তিনেজও উৎপাদনের এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন। তেল উৎপাদন বাড়াতে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় প্রতিদিন এক লাখ ব্যারেলের বেশি ন্যাফথা সরবরাহ করছে যা ভারী তেলের মিশ্রণে ব্যবহৃত হচ্ছে।

এনএন/ ১৯ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language