দক্ষিণ আমেরিকা

ব্রাজিলে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২৩ জনের প্রাণহানি

ব্রাসিলিয়া, ২০ আগস্ট – ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। বুধবার বিআর ৩৭২ মহাসড়কে একটি বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। সড়ক পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিয়া আরাউকারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে এই দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের সবাই বাসের যাত্রী ছিলেন। এই দুর্ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন যাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইম্বিতুভা পৌরসভার স্বাস্থ্য বিভাগের অধীনে পরিচালিত বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। ইম্বিতুভা শহরটি পারানা রাজ্যের রাজধানী কুরিতিবা থেকে প্রায় ১৮০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল এবং জরুরি পরিষেবা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। তবে ইম্বিতুভা কর্তৃপক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো অস্পষ্ট। সংশ্লিষ্ট বিভাগ দুর্ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু করেছে।

এস এম/ ২০ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language