পেরুতে শক্তিশালী ভূমিকম্পে আহত ৩, ক্ষতিগ্রস্ত বহু ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান

লিমা, ২১ আগস্ট – পেরুর দক্ষিণাঞ্চলে আঘাত হানা শক্তিশালী এক ভূমিকম্পে অন্তত তিনজন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে অনুভূত এই ভূমিকম্পের ফলে বেশ কিছু ঘরবাড়ি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ১টার দিকে ভূকম্পনটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল আপাহুয়াচো শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং রাজধানী লিমা থেকে ৮০০ কিলোমিটার দূরে। ভূগর্ভের ৯৯ কিলোমিটার গভীরে এই কম্পনের সৃষ্টি হয়।
তবে পেরুর জিওফিজিক্যাল ইনস্টিটিউট বা আইজিপি জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং এর গভীরতা ছিল ১০৮ কিলোমিটার। প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, ভূমিকম্পের প্রভাবে অন্তত ২২টি বসতবাড়ি, ৬টি বিদ্যালয় এবং ১২টি স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
উদ্ধার ও সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য আন্দিজ পর্বতমালা সংলগ্ন পুকিও ও কোরাকোরা শহরে জরুরি দল পাঠানো হয়েছে। কোরাকোরা শহরের মেয়র ইয়োনি ওদোন জানিয়েছেন, বাসিন্দারা দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে।
আয়াকুচো অঞ্চলের কোরাকোরা শহরের নিকটবর্তী পাহাড়গুলোতে ভূমিধসের খবর পাওয়া গেছে। আইজিপি জানায়, মূল কম্পনের পর ৪ দশমিক ২ মাত্রার একটি আফটারশক অনুভূত হয়।
এছাড়া কুসকো, আরেকুইপা ও রাজধানী লিমাতেও কম্পন অনুভূত হলেও সেখানে ক্ষয়ক্ষতির মাত্রা তুলনামূলক কম। উল্লেখ্য, সম্প্রতি দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ঘটছে, যার মধ্যে গত সপ্তাহে কলম্বিয়ায় এবং গত জুনে ভেনেজুয়েলায় হওয়া কম্পন উল্লেখযোগ্য।
এস এম/ ২১ আগস্ট ২০২৬









