মালয়েশিয়ায় খুলছে শ্রমবাজার: ১০ হাজার কর্মী বিনা খরচে যাওয়ার সুযোগ

ঢাকা, ২৮ আগস্ট – মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় বড় ধরনের অগ্রগতি হয়েছে। বিশেষ অনুরোধের প্রেক্ষিতে মালয়েশিয়া কর্তৃপক্ষ ১০ হাজার বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার ব্যাপারে নীতিগতভাবে সম্মত হয়েছে। সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে বিশেষ চার্টার্ড ফ্লাইটে এই কর্মীদের মালয়েশিয়া পাঠানো হবে যার মাধ্যমে দীর্ঘদিন বন্ধ থাকা এই শ্রমবাজার আবার সচল হতে যাচ্ছে।
শুক্রবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয় যে অতীতে বিভিন্ন অনিয়ম ও সিন্ডিকেটের কারণে বন্ধ হয়ে যাওয়া এই বাজারকে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সচল করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তার বিদেশ সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দারের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন।
বর্তমানে বলবৎ থাকা সমঝোতা স্মারক অনুযায়ী মালয়েশিয়া সরকার সার্বভৌম সিদ্ধান্তের মাধ্যমে ২৫টি রিক্রুটিং এজেন্সিকে অনুমোদন দিয়েছে। এছাড়া বাংলাদেশের অনুরোধে আরও ৩১২টি এজেন্সিকে সহযোগী হিসেবে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে। এর পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলও কর্মী প্রেরণের প্রক্রিয়ায় যুক্ত থাকবে।
কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য আপাতত ১৬টি মেডিকেল সেন্টারকে অনুমোদন দেওয়া হয়েছে। পরবর্তীতে মালয়েশিয়ার প্রতিনিধিদলের পরিদর্শনের পর এই তালিকা পূর্ণাঙ্গ করা হবে।
কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে বিমানবন্দরে হয়রানি বন্ধ করা এবং মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী বেতন ও আবাসন নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে সরকার। অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য মন্ত্রণালয়ে ২৪ ঘণ্টার মনিটরিং সেল ও হেল্পডেস্ক স্থাপন করা হবে।
এনএন/ ২৮ আগস্ট ২০২৬









