ব্যবসা

বাজারে চিনি ও ভোজ্য তেলের সংকট, লাগামহীন আটা-ময়দার দাম

ঢাকা, ২৮ আগস্ট – রাজধানীর বাজারগুলোতে গত সপ্তাহের তুলনায় আটা ও ময়দার পাশাপাশি ভোজ্য তেল ও চিনির দাম আরও বেড়েছে। একই সাথে কয়েক সপ্তাহ ধরে চড়া দামে বিক্রি হওয়া ডিমের দামও কমেনি। মুদি পণ্যের মূল্যবৃদ্ধির পাশাপাশি বাজারে সরবরাহ সংকটের অভিযোগ করেছেন সাধারণ ভোক্তারা।

শুক্রবার ঢাকার বিভিন্ন বাজার ঘুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের এমন ঊর্ধ্বগতির চিত্র লক্ষ্য করা গেছে।

ব্যবসায়ীরা জানান, গত এক মাস ধরে প্রতি সপ্তাহেই ময়দার দাম বাড়ছে। মাসখানেক আগে যে ময়দা ৫৮ থেকে ৬০ টাকা কেজি ছিল, তা বর্তমানে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। দুই কেজির প্যাকেটজাত ময়দার দাম ১৪০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা হয়েছে। এছাড়া প্রতি কেজি প্যাকেটজাত আটার দাম ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা গত মাসে ছিল ৬০ টাকা।

ভোজ্য তেলের বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৮৫ থেকে ১৯০ টাকা এবং পাম তেল ১৬৫ থেকে ১৭০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। বোতলজাত সয়াবিন তেলের নির্ধারিত দাম ২০০ টাকা হলেও বাজারে ছোট বোতলের সংকট দেখা দিয়েছে।

খুচরা বিক্রেতাদের অভিযোগ, নতুন করে দাম বাড়ানোর জন্য ডিলাররা সরবরাহ কমিয়ে দিয়েছেন। মোহাম্মদপুর টাউন হল বাজারের মতো বড় স্থানেও আধা লিটার বা এক লিটারের বোতল খুঁজতে ক্রেতাদের বেগ পেতে হচ্ছে।

অন্যদিকে চিনির বাজারেও অস্থিরতা শুরু হয়েছে। খুচরা পর্যায়ে প্রতি কেজি চিনি ১২০ থেকে ১২৫ টাকায় বিক্রি হচ্ছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে চিনির দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। ডিলাররা ৫০ কেজির বস্তাপ্রতি ৯০০ থেকে ১০০০ টাকা দাম বাড়িয়ে দেওয়ায় খুচরা বাজারে এর প্রভাব পড়েছে বলে জানিয়েছেন কারওয়ান বাজারের বিক্রেতারা।

ডিমের বাজারও স্থিতিশীল হচ্ছে না। গত মাসে ডিমের ডজন ১২৫ থেকে ১৩০ টাকার মধ্যে থাকলেও বর্তমানে তা ১৫৫ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পেঁয়াজ প্রতি কেজি ৫৫ থেকে ৬০ টাকা এবং ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। করলা, লাউ, পেঁপে ও ঝিঙের দাম কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও বেগুন ও টমেটোর কেজি এখনো ১২০ টাকা। কাঁচামরিচের আমদানি বাড়ায় এর দাম ১০০ থেকে ১২০ টাকার মধ্যে নেমে এসেছে।

নদ্দার মোড়ল বাজারে বাজার করতে আসা ক্রেতারা জানান, মাছ মাংসের দাম নাগালের বাইরে থাকায় তারা সবজির ওপর নির্ভর করছেন। সবজির বাজারে সরবরাহ স্বাভাবিক থাকায় গত সপ্তাহের তুলনায় কিছুটা কম দামে পণ্য কিনতে পারছেন তারা।

এনএন/ ২৮ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language