শিক্ষা

বাংলাদেশ ও চীনের মধ্যে কারিগরি শিক্ষা প্রসারে ঐতিহাসিক সমঝোতা স্মারক সই

ঢাকা, ২৮ আগস্ট – বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নে যৌথ অংশীদারিত্বের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। শুক্রবার চীনের জিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটিতে আয়োজিত চীন বাংলাদেশ শিক্ষা বিনিময় সম্মেলনে বক্তারা এই গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন ও শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত ছিলেন।

এই সম্মেলনে চীন বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার স্থাপনের লক্ষে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

চীন সরকারের আমন্ত্রণে তিন দিনের সফরে থাকা বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এই অনুষ্ঠানে যোগ দেয়। সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া এবং চীনের পক্ষে বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ঝেং পেংউ স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী বৃত্তিমূলক প্রশিক্ষণ, দ্বিভাষিক শিক্ষা উপকরণের উন্নয়ন, শিল্প শিক্ষা সমন্বয় এবং গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশে কর্মরত চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে কলমে প্রশিক্ষণের বিশেষ সুযোগ নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে মাহদী আমিন বলেন, এই সহযোগিতার মূল লক্ষ্য হলো তরুণদের জন্য বাস্তব কর্মসংস্থান সৃষ্টি করা এবং অর্জিত দক্ষতাকে অর্থনৈতিক সমৃদ্ধিতে রূপান্তর করা।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন চীনের প্রযুক্তিগত অগ্রগতির প্রশংসা করে বলেন, বাংলাদেশের বিশাল তরুণ শক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে উন্নত কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই।

সম্মেলনে চীন বাংলাদেশ ভোকেশনাল টিচার ট্রেনিং সেন্টার, বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন রিসার্চ সেন্টার এবং বাংলাদেশ চাইনিজ ল্যাঙ্গুয়েজ ও স্কিল ডেভেলপমেন্ট কোঅপারেশন সেন্টার নামে তিনটি আন্তর্জাতিক গবেষণা প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়।

১৯টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও শিল্প খাতের বিশেষজ্ঞদের উপস্থিতিতে এই সম্মেলনে দুই দেশ দীর্ঘমেয়াদি ও টেকসই অংশীদারিত্ব গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করে।

এনএন/ ২৮ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language