দক্ষিণ এশিয়া

সিজেপি নেতা অভিজিৎ ‘প্রতিরোধমূলক’ গ্রেপ্তার, মুক্তি পেলেন আইসা সভাপতি নেহা বোরা

নয়াদিল্লি, ১৭ অক্টোবর – ভারতের রাজধানী নয়াদিল্লির প্রাণকেন্দ্র কনট প্লেসে অনলাইন আন্দোলন প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা ‘লেহরা দো তিরঙ্গা’ (জাতীয় পতাকা উত্তোলন) কর্মসূচীকে ঘিরে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। শুক্রবারের এই বিক্ষোভ কর্মসূচি থেকে আটক সিজেপি নেতা অভিজিৎ দীপকে আনুষ্ঠানিকভাবে ‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ (Preventative Arrest) দেখিয়েছে দিল্লি পুলিশ।

অন্যদিকে, একই কর্মসূচীকে কেন্দ্র করে আটক অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (AISA) নেত্রী ও সর্বভারতীয় সভাপতি নেহা বোরাকে শনিবার (১৭ অক্টোবর) ভোরের দিকে মুক্তি দিয়েছে পুলিশ।

অভিজিৎ দীপকের বিরুদ্ধে পদক্ষেপ: দিল্লি পুলিশ সূত্রের খবর, শান্তিশৃঙ্খলা ভঙ্গ হওয়ার আশঙ্কায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS)-এর ১২৬ ও ১৭০ ধারার অধীনে অভিজিৎ দীপকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাঁকে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (SEM) আদালতে তোলার কথা রয়েছে।

গোপন স্থানে রাখার তীব্র অভিযোগ: সিজেপির আইনি বিভাগের প্রধান রত্না সিং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) ক্ষোভ প্রকাশ করে অভিযোগ জানান, অভিজিৎকে আটক করার পর থেকেই ‘অজানা’ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাঁর সঙ্গে আইনজীবীদেরও সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না।

‘ভয় ছড়াতেই বেআইনি আটক’: আইসা সভাপতি নেহা বোরার বিস্ফোরক মন্তব্য

শনিবার সকালে দীর্ঘ সময় পুলিশি হেফাজতে থাকার পর মুক্তি পেয়ে গণমাধ্যমের মুখোমুখি হন আইসা (AISA) সভাপতি নেহা বোরা। মঙ্গলপুরীর অ্যান্টি-নারকোটিকস টাস্ক ফোর্সের কার্যালয়ে দীর্ঘ সময় আটকে থাকার অভিজ্ঞতা জানিয়ে তিনি পুলিশি পদক্ষেপের তীব্র সমালোচনা করেন।

মুক্তি পেয়ে নেহা বোরা বলেন, “কোনো বৈধ কারণ ছাড়াই দিনের পর দিন বিক্ষোভকারীদের ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা হচ্ছে। এটা কেবল সাধারণ মানুষের মনে ভীতি সঞ্চার করার জন্যই করা হচ্ছে। অভিজিৎসহ বেআইনিভাবে আটকে রাখা সকল বিক্ষোভকারীকে অবিলম্বে মুক্তি দেওয়া উচিত। তারা কেবল নাগরিক অধিকার, ভোটাধিকার এবং জবাবদিহিতার দাবি জানাচ্ছেন।”

দিল্লি পুলিশের ভূমিকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

শুক্রবার বিক্ষোভ চলাকালে দিল্লি পুলিশ দুই সংগঠনের নেতাদের তুলে নেওয়ার পরপরই তাদের আইনি পরামর্শ পাওয়ার সুযোগ না দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলে বলে অভিযোগ ওঠে। সিজেপি ও আইসা যৌথভাবে পুলিশের এই পদক্ষেপের বিরুদ্ধে দিল্লিতে সোচ্চার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। অভিজিৎ দীপকের আদালতে তোলার রায়ের ওপর নির্ভর করছে আগামী দিনের আন্দোলনের রূপরেখা।

এনএন/ ১৭ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language