দক্ষিণ এশিয়া

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৭ শিক্ষার্থীসহ নিহত ২৮, আহত ১৯

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে একটি বেসরকারি স্কুল

ইসলামাবাদ,১৫ অক্টোবর- পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী ও একজন শিক্ষিকা রয়েছেন। এ ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় আল খায়ের স্কুলে এ দুর্ঘটনা ঘটে। ধসে পড়া ছাদের নিচে আরও অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারী সংস্থা ‘রেসকিউ ১১২২’-এর মুখপাত্র বিলাল আহমেদ ফাইজি জানিয়েছেন, উদ্ধারকাজ চলছে। এখন পর্যন্ত ৪০ জনকে উদ্ধার করা হয়েছে।

লেডি রিডিং হাসপাতালের (এলআরএইচ) মুখপাত্র মুহাম্মদ আসিম ডনকে জানিয়েছেন, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

পেশোয়ারের ডেপুটি কমিশনার আফাক উজির জানিয়েছেন, দুর্ঘটনার সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে উপস্থিত ছিল।

খাইবার পাখতুনখোয়া পুলিশের মহাপরিদর্শক (আইজি) জুলফিকার হামিদ উদ্ধারকাজ তদারকির জন্য পেশোয়ারের সিসিপিওকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি অ্যাম্বুলেন্স চলাচল নির্বিঘ্ন রাখতে ট্রাফিক পুলিশকে ‘গ্রিন করিডোর’ তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে।

এস এম/ ১৫ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language