উত্তর আমেরিকা

ইসরায়েলকে ৪০ হাজার ২ হাজার পাউন্ডের বোমা দেওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

বোমা দেওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ওয়াশিংটন, ১৬ সেপ্টেম্বর- ইসরায়েলকে ২ হাজার পাউন্ড ওজনের ৪০ হাজার বোমা দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রায় ২ দশমিক ৮ বিলিয়ন ডলারের একটি বড় অস্ত্র চুক্তির অংশ হিসেবে এসব বোমা সরবরাহ করা হবে। তবে চুক্তিটি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

অ্যাসোসিয়েটেড প্রেসের বরাতে দ্য গার্ডিয়ান জানিয়েছে, প্রস্তাবিত অস্ত্রের মধ্যে ২০ হাজার এমকে-৮৪ এবং ২০ হাজার বিএলইউ-১১৭ বোমা রয়েছে। চুক্তির বিষয়ে মার্কিন কংগ্রেসকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এর বড় অংশের অর্থ দেওয়া হবে বিদেশি সামরিক সহায়তা তহবিল থেকে। এই ব্যবস্থায় মার্কিন করদাতাদের অর্থ ইসরায়েলকে দেওয়া হয় এবং দেশটি সেই অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকেই অস্ত্র কেনে।

গাজায় ব্যাপক বেসামরিক প্রাণহানির আশঙ্কায় ২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইসরায়েলের কাছে এমকে-৮৪ বোমার একটি চালান আটকে দিয়েছিল। তবে ২০২৫ সালে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওই চালানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

ইসরায়েলের সামরিক সক্ষমতা বাড়াতে ট্রাম্প প্রশাসনের নেওয়া ধারাবাহিক পদক্ষেপের সর্বশেষ উদাহরণ হিসেবে এই অস্ত্র চুক্তিকে দেখা হচ্ছে। এর আগে ২০২৫ সালে স্বাভাবিক কংগ্রেসীয় পর্যালোচনা প্রক্রিয়া পাশ কাটিয়ে ইসরায়েলের কাছে প্রায় ৩ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হয়েছিল। ওই চুক্তিতে ৩৫ হাজার ৫০০টির বেশি ২ হাজার পাউন্ডের বোমা ছিল। চলতি বছরের জানুয়ারিতেও ইসরায়েলের জন্য মোট ৬ দশমিক ৬৭ বিলিয়ন ডলারের নতুন কয়েকটি অস্ত্র বিক্রির অনুমোদন দেয় ট্রাম্প প্রশাসন।

২ হাজার পাউন্ডের বোমার বিভিন্ন ধরনের সংস্করণ রয়েছে। কিছু বোমা ভূগর্ভস্থ স্থাপনা ভেদ করার জন্য তৈরি, আবার কিছু বিস্ফোরণের সময় বিস্তৃত এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে পারে। গাজা ও লেবাননে প্রাণঘাতী হামলায় কয়েকশবার এসব মার্কিন নির্মিত এক টন ওজনের বোমা ব্যবহার করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। ২০২৩ সালের শেষ দিকে নিউইয়র্ক টাইমসের এক অনুসন্ধানে বলা হয়, ইসরায়েল গাজায় বেসামরিকদের জন্য নিরাপদ হিসেবে চিহ্নিত এলাকাতেও এমকে-৮৪ বোমা ব্যবহার করেছে।

মার্কিন সেনাবাহিনীর সাবেক বিস্ফোরক নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞ ট্রেভর বল ওয়াশিংটন পোস্টকে বলেন, ইসরায়েল সন্দেহভাজন যোদ্ধাদের অবস্থান ধ্বংস করতে ভবন ধসিয়ে দিতে এমকে-৮৪ বোমা ব্যবহার করে। গাজার ঘনবসতিপূর্ণ এলাকায় হামলায় এসব বোমা ব্যবহারের প্রমাণও বিভিন্ন ভিডিও ও ঘটনাস্থল থেকে পাওয়া বিস্ফোরকের ধ্বংসাবশেষ বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা পেয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এরপর গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ৭৩ হাজার ২৬৪ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য। এর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও নিহত ব্যক্তিরা রয়েছেন।

এস এম/ ১৬ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language