অ্যাপলের বড় প্রযুক্তি উন্মোচন আজ, আসছে আইফোন ১৮ প্রো ও ফোল্ডেবল আইফোন

ওয়াশিংটন,৯ সেপ্টেম্বর- প্রযুক্তিবিশ্বের নজর এখন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অবস্থিত অ্যাপল পার্কের দিকে। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সেখানেই অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাপলের বহুল প্রতীক্ষিত পণ্য ও প্রযুক্তি উন্মোচন অনুষ্ঠান ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’। বাংলাদেশ সময় আজ রাত ১১টায় শুরু হতে যাওয়া এই অনুষ্ঠানকে অ্যাপলের ইতিহাসে নতুন একটি অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে। সদ্য দায়িত্ব নেওয়া প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জন টার্নাসের নেতৃত্বে এটিই অ্যাপলের প্রথম বড় কোনো বিশ্বমঞ্চের উন্মোচন অনুষ্ঠান।
এবারের অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকছে অ্যাপলের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স। বাজার বিশ্লেষক ও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই আইফোনগুলোতে ২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি শক্তিশালী ‘এ২০ প্রো’ চিপ ব্যবহার করা হতে পারে। নতুন প্রসেসর যুক্ত হলে ফোনের সামগ্রিক কর্মক্ষমতা বাড়ার পাশাপাশি ব্যাটারির আয়ুষ্কাল এবং অতিরিক্ত গরম হওয়া প্রতিরোধের ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে। ক্যামেরা প্রযুক্তিতেও বড় চমক থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আইফোন ১৮ প্রো ম্যাক্সে ভ্যারিয়েবল অ্যাপারচারযুক্ত ক্যামেরা মডিউল যুক্ত হতে পারে। এর মাধ্যমে আলো প্রবেশের পরিমাণ নিয়ন্ত্রণ করে বিভিন্ন পরিবেশে আরও নিখুঁত ও উজ্জ্বল ছবি তোলা সম্ভব হবে। বাহ্যিক নকশায় বড় ধরনের পরিবর্তন না এলেও ক্যামেরার আকার কিছুটা বড় হতে পারে বলে জানা গেছে।
তবে সাধারণ আইফোনের পাশাপাশি প্রযুক্তিপ্রেমীদের সবচেয়ে বেশি নজর থাকবে অ্যাপলের সম্ভাব্য প্রথম ভাঁজ করা বা ফোল্ডেবল আইফোনের দিকে। গুঞ্জন অনুযায়ী, ‘আইফোন আলট্রা’ নামের এই ডিভাইসটি বইয়ের মতো ভাঁজ করা যাবে। পুরোপুরি খোলা অবস্থায় এতে ৭ দশমিক ৮ ইঞ্চির বড় একটি ডিসপ্লে এবং ভাঁজ করা অবস্থায় বাইরে ব্যবহারের জন্য ৫ দশমিক ৩ ইঞ্চির আলাদা ডিসপ্লে থাকবে। এতে ১২ গিগাবাইট র্যাম ও এ২০ প্রো চিপ ব্যবহার করা হতে পারে। পেছনে জোড়া ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা থাকার কথা থাকলেও টেলিফটো লেন্সে পরিবর্তন আসতে পারে। নিরাপত্তার জন্য ফেস আইডির পরিবর্তে এতে আবারও টাচ আইডি প্রযুক্তি ফিরিয়ে আনার সম্ভাবনা রয়েছে।
স্মার্টফোন বাজারে সাম্প্রতিক সময়ে উপাদান ও কাঁচামালের দাম বেড়েছে। বিশেষ করে মেমোরি চিপ বা র্যামের দাম বাড়ায় নতুন সিরিজের আইফোনের দামও কিছুটা বেশি হতে পারে। বাজার পূর্বাভাস অনুযায়ী, আইফোন ১৮ প্রোর প্রাথমিক দাম ১ হাজার ১৯৯ ডলার হতে পারে। আর প্রথম ফোল্ডেবল আইফোনটির দাম ২ হাজার ৫০০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।
স্মার্টফোনের পাশাপাশি অ্যাপল তাদের ইকোসিস্টেমে নতুন পরিধানযোগ্য প্রযুক্তিপণ্যও যুক্ত করতে যাচ্ছে। অনুষ্ঠানে নতুন অ্যাপল ওয়াচ সিরিজ ১২ উন্মোচনের কথা রয়েছে। এটি মূলত ব্যবহারকারীর স্বাস্থ্য ও বিভিন্ন বায়োমেট্রিক সেন্সরের ওপর গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে। এর পাশাপাশি অ্যাপল ওয়াচ আলট্রা ৪-এর বাহ্যিক গঠনেও নতুন নকশা দেখা যেতে পারে। অডিওপ্রেমীদের জন্য থাকছে নতুন এয়ারপডস ৫। এতে বাড়তি সুবিধা হিসেবে হৃৎস্পন্দন পরিমাপের মতো বিশেষ ফিচার থাকতে পারে।
বিশ্বজুড়ে অ্যাপল ভক্ত ও প্রযুক্তিপ্রেমীদের সরাসরি এই উন্মোচন অনুষ্ঠান দেখার সুযোগ করে দিচ্ছে প্রতিষ্ঠানটি। যদিও কুপারটিনোর মূল অনুষ্ঠানে কেবল আমন্ত্রিত অতিথিরাই সরাসরি অংশ নিতে পারবেন। তবে অনলাইনে অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে। অ্যাপলের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (apple.com), তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল এবং অ্যাপল টিভি অ্যাপের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনুষ্ঠানটি সরাসরি বিনামূল্যে দেখা যাবে।
এস এম/ ৯ সেপ্টেম্বর ২০২৬







