রিপাবলিকানরা কংগ্রেসের দুই কক্ষ জিতলে প্রাপ্তবয়স্কদের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

ওয়াশিংটন, ১০ সেপ্টেম্বর- আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি যদি কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে, তাহলে যুক্তরাষ্ট্রের সব প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে নগদ অর্থ দেওয়ার নজিরবিহীন প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডালাসে আয়োজিত রিপাবলিকানদের মধ্যবর্তী নির্বাচনী কনভেনশনের উদ্বোধনী রাতে ভাষণ দেওয়ার সময় তিনি এ ঘোষণা দেন।
জনমত জরিপে ডেমোক্র্যাটদের তুলনায় তার দল কিছুটা পিছিয়ে থাকলেও ট্রাম্প সমর্থকদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, তারা যেন ধরে নেন নির্বাচনে তিনি নিজেই ব্যালটে লড়াই করছেন।
ভাষণে সমর্থকদের উজ্জীবিত করতে ডোনাল্ড ট্রাম্প বলেন, রিপাবলিকানরা জয়ী হলে তাদের সঙ্গে সমর্থকরাও জিতবেন এবং প্রত্যেকে ৫ হাজার ডলার করে পাবেন। এটিকে বলা হবে ‘ট্রাম্প ডিভিডেন্ড’। তিনি আরও দাবি করেন, দেশের বিপুল অর্থনৈতিক শক্তি ও সাফল্যের কারণেই তিনি এই অর্থ বিতরণ করতে চান। ডালাসের মহাসমাবেশে তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, রিপাবলিকানরা যদি হাউস অব রিপ্রেজেন্টেটিভস ও মার্কিন সিনেট—উভয় কক্ষেই জয়ী হয়, তাহলে যুক্তরাষ্ট্রের সব প্রাপ্তবয়স্ক নাগরিককে তিনি ৫ হাজার ডলারের ডিভিডেন্ড দেবেন। তবে তার একমাত্র শর্ত হলো, এই অর্থ অবশ্যই যুক্তরাষ্ট্রের ভেতরেই খরচ করতে হবে।
রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকেরা ট্রাম্পের এই বিশাল অর্থ দেওয়ার প্রস্তাবকে আর্থিক ও রাজনৈতিকভাবে সম্পূর্ণ অসম্ভব এবং অবাস্তব বলে বর্ণনা করছেন। দেশের প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিককে এই অর্থ দিতে গেলে সরকারের খরচ হবে অন্তত ১ ট্রিলিয়ন (এক লাখ কোটি) ডলারেরও বেশি। কিন্তু এই বিপুল অর্থ কোথা থেকে আসবে বা কীভাবে তহবিল সংগ্রহ করা হবে, সে বিষয়ে ট্রাম্প স্পষ্ট করে কিছুই জানাননি। শুধু তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র এখন বিপুল পরিমাণে অর্থ উপার্জন করছে।
জরিপের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে ট্রাম্প আশা প্রকাশ করেন, ৩ নভেম্বরের নির্বাচনে তার দল কংগ্রেসের উভয় কক্ষেই নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে। ডেমোক্র্যাট ও সমর্থকদের উৎসাহ দিতে তিনি বারবার অনুরোধ জানান, তারা যেন ধরে নেন নির্বাচনে ট্রাম্প নিজেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বলেন, তিনি অনুরোধ করছেন, সবাই যেন ধরে নেন যে তিনি ব্যালটে আছেন। তিনিই ব্যালটে আছেন, তিনিই ব্যালটে আছেন; শুধু আর একবারের জন্য।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনীতিতে মূল্যস্ফীতি এবং ইরানে ট্রাম্পের সামরিক অভিযান শুরুর পর থেকে সাধারণ জনগণের মধ্যে অসন্তোষ তীব্র হয়েছে। জনমত জরিপ অনুযায়ী, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি নাগরিকদের সমর্থনের হার নেমে এসেছে ৩০-এর কোঠায়। ডিসিশন ডেস্ক এইচকিউ-এর সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদে ২৩০-২০৫ আসনে এবং সেনেটে ৫১-৪৯ আসনে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে।
এস এম/ ১০ সেপ্টেম্বর ২০২৬







