রেজা কিবরিয়াকে সভাপতি করে সংসদে অনুমিত হিসাব কমিটি গঠন

ঢাকা, ১০ সেপ্টেম্বর- ত্রয়োদশ জাতীয় সংসদে অনুমিত হিসাব-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) হবিগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য রেজা কিবরিয়াকে সভাপতি করে এই কমিটি গঠন করা হয়।
এর ফলে ত্রয়োদশ জাতীয় সংসদে এখন পর্যন্ত গঠিত সংসদীয় কমিটির সংখ্যা দাঁড়িয়েছে ৪৬টিতে।
এ ছাড়া অর্থ মন্ত্রণালয় ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত দুটি বিদ্যমান সংসদীয় কমিটিও পুনর্গঠন করা হয়েছে। এতে দুটি কমিটির কয়েকজন সদস্যের পদে পরিবর্তন আনা হয়েছে।
এদিন চিফ হুইপ নূরুল ইসলাম মনি একটি কমিটি গঠন এবং বিদ্যমান দুটি কমিটি পুনর্গঠনের প্রস্তাব দেন। পরে সংসদে কণ্ঠভোটে তার প্রস্তাবগুলো পাস হয়।
জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি ৩৯টি এবং বিষয়ভিত্তিক কমিটি ১১টি। তবে এই ৫০টি সংসদীয় কমিটির মধ্যে এখন পর্যন্ত ৪৬টি গঠন করা হয়েছে।
এস এম/ ১০ সেপ্টেম্বর ২০২৬







