নিউ মেক্সিকোর নাম বদলে নিউ আমেরিকা রাখার প্রস্তাব দিলেন ট্রাম্প

ওয়াশিংটন, ৮ সেপ্টেম্বর – যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের নাম পরিবর্তন করে নিউ আমেরিকা করার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি মানচিত্র পোস্ট করে এই প্রস্তাবটি সামনে আনেন।
পোস্ট করা ওই ছবিতে দেখা যায় তিনি মেক্সিকো শব্দটি লাল কালিতে কেটে তার নিচে আমেরিকা শব্দটি লিখে দিয়েছেন। তবে ট্রাম্পের এই বিতর্কিত প্রস্তাবটি তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছেন নিউ মেক্সিকোর গভর্নর। এর মাত্র কয়েক দিন আগে তিনি একটি নির্বাহী আদেশের মাধ্যমে লেক অন্টারিওর নাম পরিবর্তন করে লেক আমেরিকা রাখার উদ্যোগ নিয়েছিলেন।
এদিকে হোয়াইট হাউসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে ট্রাম্পের পোস্ট করা ম্যাপের ছবিটি শেয়ার করা হলেও নাম পরিবর্তনের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখন পর্যন্ত আসেনি। নিয়ম অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ভৌগোলিক স্থানের নাম পরিবর্তন করার ক্ষমতা থাকলেও কোনো অঙ্গরাজ্যের নাম পরিবর্তন করার একক সাংবিধানিক ক্ষমতা তার নেই।
কোনো অঙ্গরাজ্যের নাম পরিবর্তন করতে চাইলে তা সংশ্লিষ্ট অঞ্চলের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই করতে হয়। নিউ মেক্সিকোর গভর্নর মিশেল লুজান গ্রিশাম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন যে নিউ মেক্সিকোর নাম পরিবর্তন নিয়ে কোনো বিতর্কের সুযোগ নেই।
তিনি জানান যে যুক্তরাষ্ট্র রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ারও অনেক আগে থেকে এই নামটি চলে আসছে। গভর্নর আরও অভিযোগ করেন যে গ্যাসের মূল্যবৃদ্ধি ও অর্থনৈতিক সংকটের মতো গুরুত্বপূর্ণ ইস্যু থেকে জনগণের দৃষ্টি সরিয়ে নিতেই ট্রাম্প এমন অহেতুক প্রস্তাব দিচ্ছেন।
এর আগেও ট্রাম্প হরমুজ প্রণালির নাম বদলে ট্রাম্প প্রণালি করার এবং মেক্সিকো উপসাগরের নাম বদলে আমেরিকা উপসাগর করার ইচ্ছা প্রকাশ করেছিলেন যা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়।
এস এম/ ৮ সেপ্টেম্বর ২০২৬







